উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের আমেজ। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ওঠানামা করছে তাপমাত্রা। রাত থেকে সকাল পর্যন্ত বইছে হিমেল বাতাস। সেই সঙ্গে কোথাও হালকা, আবার কোথাও ঘন কুয়াশা পড়ছে। একদিন মেঘাচ্ছন্ন থাকার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবারও দেখা মিলেছে সূর্যের। তবে এর মধ্যেই উল্লেখযোগ্যভাবে কমেছে তাপমাত্রা।
বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৪ ডিগ্রি। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগের দিন বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যেই সূর্যের দেখা মিললেও তাপমাত্রার পারদ নেমে আসে ১২ দশমিক ৪ ডিগ্রিতে।
স্থানীয়রা জানায়, আবহাওয়ার এমন পরিবর্তনে জনজীবনে প্রভাব পড়েছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ হিমেল বাতাস ও কুয়াশার কারণে কিছুটা ভোগান্তিতে পড়ছেন। দিনের বেলায় রোদের কারণে আবহাওয়া কিছুটা উষ্ণ থাকলেও সন্ধ্যার পর থেকে শীতের অনুভূতি বাড়তে থাকে। মঙ্গলবার রাতেও জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রিতে। এ সময় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৯৪ শতাংশ। বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ৩ দশমিক ৪ ডিগ্রি কমে গেছে। হঠাৎ তাপমাত্রার এমন পরিবর্তনে উত্তরের জনপদে ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়ছে।