যুব নেতৃত্বের বিকাশ ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ১৭তম যুব প্রধান সম্মেলন-২০২৬। সম্মেলনের শেষ দিনে ৬৮টি ইউনিটের যুব প্রধানদের অংশগ্রহণে ‘যুব প্রধানদের ঘোষণাপত্র ২০২৬’ গ্রহণ করা হয়। এতে যুব নেতৃত্ব শক্তিশালী করা, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বাড়ানো এবং এ লক্ষ্যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
‘ডিজিটালি ক্ষমতায়িত, মানবতার তরে সক্রিয়’ (Digitally Empowered, Act with Humanity) প্রতিপাদ্যে ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার হলিডে ইন হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন ইউনিটের যুব প্রধানরা অংশ নেন। সম্মেলনে তাঁরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জ এবং সোসাইটিতে যুব অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডিআরসিএসের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম। যুব প্রধানদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা শুধু নিজ নিজ ইউনিটের প্রতিনিধিই নন, বরং সোসাইটির মানবিক মূল্যবোধ, নেতৃত্ব ও ভবিষ্যতের ধারক। একজন শক্তিশালী নেতা অনুসারী তৈরি করেন না, বরং নতুন নেতা তৈরি করেন। প্রকৃত নেতৃত্ব নিজের অবস্থান প্রতিষ্ঠার মধ্যে নয়, অন্যদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার মধ্যে নিহিত।
তিনি এমন ইউনিট গড়ে তোলার আহ্বান জানান, যেখানে প্রতিটি তরুণ স্বেচ্ছাসেবক মর্যাদা, নিরাপত্তা ও সমান সুযোগ নিয়ে কাজ করতে পারবেন। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সাতটি মৌলিক নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, নাগরিক সংকট ও জনস্বাস্থ্যঝুঁকির ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে চেয়ারম্যান একটি দক্ষ, সংযুক্ত ও সক্রিয় জাতীয় যুব নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দেশের এক প্রান্তের স্বেচ্ছাসেবকেরা অন্য প্রান্তের স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়াতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিডিআরসিএসের মহাসচিব মো. হাবিবুর রহমান খান ইউনিট পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিতে সোসাইটির বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, ইতিমধ্যে নয়টি মডেল ইউনিট গড়ে তোলা হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৮টি ইউনিটকে শক্তিশালী করতে কাজ করছে বিডিআরসিএস। এ ছাড়া প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বাড়াতে ব্যবস্থাপনা পর্ষদের সভায় একজন স্বেচ্ছাসেবক প্রতিনিধি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অংশগ্রহণকারীদের পক্ষে রাজশাহী সিটি ইউনিটের যুব প্রধান ইয়াসমিন আক্তার নিশাত আনুষ্ঠানিকভাবে ‘যুব প্রধানদের ঘোষণাপত্র ২০২৬’ পাঠ করেন। সাতটি মৌলিক নীতি ও বিডিআরসিএসের যুব নীতিমালার আলোকে ঘোষণাপত্রে যুব প্রধানরা বেশ কিছু অঙ্গীকার করেন।
ঘোষণাপত্র অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল ২০২৭-এর মধ্যে ইউনিট পর্যায়ে মৌলিক নীতি, আরসিওয়াই (RCY) আচরণবিধি, সুরক্ষা, তথ্য সুরক্ষা, ডিজিটাল আচরণ এবং প্রতীক ব্যবহারের বিষয়ে ওরিয়েন্টেশন আয়োজন করা হবে। নতুন যুক্ত হওয়া প্রত্যেক আরসিওয়াই সদস্যকে অন্তর্ভুক্তির তিন মাসের মধ্যে এসব মানদণ্ড সম্পর্কে ধারণা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তাঁরা।
এ ছাড়া আগামী ১৯ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে যুবকদের চিহ্নিত অন্তত দুটি অগ্রাধিকারমূলক বিষয় অন্তর্ভুক্ত করে ইউনিটভিত্তিক কর্মপরিকল্পনা জমা দেওয়ার অঙ্গীকার করা হয়। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে প্রতিটি ইউনিটে অন্তত দুটি যুব পরামর্শ সভা আয়োজন এবং সেগুলোর নথি সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
সম্মেলনে যুব নেতৃত্বে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সেরা যুব প্রধানের হাতে ক্রেস্ট তুলে দেন চেয়ারম্যান। এ সময় বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবকেরা নিজেদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তাঁদের মতামত বিডিআরসিএসের ভবিষ্যৎ স্বেচ্ছাসেবা কার্যক্রম নিয়ে আলোচনায় গুরুত্ব পায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিআরসিএসের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী। এ ছাড়া অংশীদার ন্যাশনাল সোসাইটিগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আইএফআরসির বাংলাদেশে নিযুক্ত হেড অব ডেলিগেশন সেভাল গুজেলকিলিঙ্ক, আইসিআরসির বাংলাদেশে নিযুক্ত হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি এবং আমেরিকান রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তীর্থ যোশি। এ সময় ব্রিটিশ রেড ক্রস, জার্মান রেড ক্রস এবং বিডিআরসিএসের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।