আর্জেন্টিনার নতুন সেনসেশন নিকো পাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আর্জেন্টিনার সাবেক প্লে-মেকার ও অধিনায়ক হুয়ান সেবাস্তিয়ান ভেরন। ইতালির ক্রীড়া দৈনিক ‘লা গাজ্জেতা দেলো স্পোর্ট’-এ দেওয়া সাক্ষাৎকারে এই তরুণ আর্জেন্টাইনের প্রতিভা, নেতৃত্বগুণ ও খেলার ধরন তুলে ধরে ভেরন জানিয়েছেন, ২২ বছর বয়সে এমন পারফরম্যান্স তিনি কেবল লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার মধ্যেই দেখেছেন।
কোস্তারিকার বিপক্ষে ৭-০ গোলে জয়ের ম্যাচে পাজের জোড়া গোলের প্রসঙ্গ টেনে ভেরন বলেন, “নিকো পাজের অবিশ্বাস্য প্রতিভা রয়েছে। পেশাদার আচরণটা এভাবে ধরে রাখতে পারলে ভবিষ্যৎ তারই। ২২ বছর বয়সে এমন কিছু করতে আমি কেবল মেসি আর এক ম্যারাডোনাকেই দেখেছি। এর মানে এই নয় যে সে ওই পর্যায়ে পৌঁছে যাবে; কারণ তেমনটা হতে হলে দিয়েগো ও লিওর মতো নিজ নিজ ধারায় যুগের প্রতীক ও পূর্ণাঙ্গ চ্যাম্পিয়ন হতে হবে। তবে চেষ্টা করার মতো সব গুণ নিকোর আছে। আমি আশা করি সে সেটি পারবে।”
মাঠে পাজের ব্যক্তিত্ব ও প্রভাব নিয়ে ‘লা ব্রুজা’ খ্যাত ভেরন আরও বলেন, “নিকোর দুটি বিষয় আমাকে মুগ্ধ করে—মাঠে তার ব্যক্তিত্ব এবং নির্দিষ্ট কিছু মুভ সহজে করে ফেলার সামর্থ্য। তার ব্যক্তিত্ব স্পষ্ট, কারণ কড়া মার্কিংয়ে থাকা সত্ত্বেও সতীর্থরা তাকে বল দেয়; তারা জানে সে ড্রিবল করে বেরিয়ে যেতে পারবে। এর মানে সবাই তার ব্যতিক্রমী গুণগুলো মেনে নিয়েছে। মাঠে চলাফেরা, জায়গা নেওয়া ও খেলা পরিচালনায় সে একজন নেতা। কখন গতি বাড়াতে হবে আর কখন কমাতে হবে, তা সে ঠিক করে। খেলার ধরন অনুযায়ী ডান, বাঁ বা মাঝখান—কোথা দিয়ে আক্রমণ করবে, সেটাই বেছে নেয়। সে খেলার মূল কেন্দ্রবিন্দু।”
নিজের খেলার ধরন ও জাতীয় দলের প্রেক্ষাপটে পাজের অবস্থান ব্যাখ্যা করে ভেরন যোগ করেন, “ভিন্ন যুগের খেলোয়াড়দের সঙ্গে তুলনা করতে আমার ভালো লাগে না, তবে স্বীকার করছি পাজ অনেকটা ২০ গজ এগিয়ে থাকা ভেরনের মতো। শট নেওয়া, গোল করা, অ্যাসিস্ট কিংবা থ্রু পাস দেওয়ার ক্ষেত্রে সে স্বাধীন। মেসি-পরবর্তী যুগ গড়তে চাওয়া এই জাতীয় দলের জন্য সে বাড়তি শক্তি। নিঃসন্দেহে সে মিডফিল্ডারের চেয়ে ফরোয়ার্ডই বেশি, তবে তার ভিশন দারুণ এবং ম্যাচের ছন্দ সে নিখুঁতভাবে ধরতে পারে।”
তবে পাজকে নিয়ে অতিরিক্ত মাতামাতির বিপক্ষে সতর্ক করে কোচ লিওনেল স্কালোনির অবস্থানকে সমর্থন জানান ভেরন। তাঁর কথায়, “স্কালোনিকে আমি ভালো করেই চিনি। নিকো পাজের ওপর থেকে গণমাধ্যমের মনোযোগ সরিয়ে নিতে চাওয়ার ক্ষেত্রে সে ঠিকই করছে। প্রতিভা নষ্ট করার ক্ষেত্রে আর্জেন্টিনায় আমরা এক অদ্ভুত নজির। ম্যারাডোনার সঙ্গে—এমনকি তারও আগে সিভোরির সঙ্গে—তুলনা করতে গিয়ে কত সম্ভাবনাময় ১০ নম্বর জার্সিধারী যে ‘খুন’ হয়েছেন, তা যদি জানতে! এ জন্য শান্ত থাকা, ধৈর্য ধরা আর একটু ভাগ্যের সহায়তা দরকার।”
ইয়াসিরের ছক্কার ঝড়ে সেঞ্চুরি পেলেন না সাইফ