সার্ক সংস্থাগুলোর লক্ষ্য অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর অর্থবহ সংলাপ অপরিহার্য

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আওতাধীন বিভিন্ন সংস্থার লক্ষ্য অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে নিয়মিত সম্পৃক্ততা, অর্থবহ সংলাপ এবং নিবিড় সমন্বয় অপরিহার্য। বৃহস্পতিবার সার্ক প্রোগ্রামিং কমিটির ৬৩তম বৈঠকে এ তাগিদ দেওয়া হয়। 

কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ বৈঠকে আট সদস্যরাষ্ট্রের ফোকাল পয়েন্টসমূহ, প্রোগ্রামিং কমিটির সদস্যবৃন্দ এবং সার্কের বিশেষায়িত সংস্থা ও আঞ্চলিক কেন্দ্রগুলোর প্রধানগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সার্কের সদস্য। এসকল দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক অনুবিভাগের প্রধানগণ প্রোগ্রামিং কমিটির সদস্য। 

প্রোগ্রামিং কমিটির সভাপতি নেপালের কিরণ শাক্য তার বক্তব্যে সার্কের আঞ্চলিক কেন্দ্র ও বিশেষায়িত সংস্থাগুলোর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের বৃহত্তর লক্ষ্য অর্জনে এগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর প্রাসঙ্গিকতা ও কার্যকারিতা মূলত নির্ভর করে তাদের প্রাতিষ্ঠানিক কর্মক্ষমতা, কর্মসূচির গুণমান ও উপযোগিতা, অভিন্ন অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য এবং দক্ষিণ এশিয়ার জনগণের জীবনে দৃশ্যমান অবদানের ওপর। এই লক্ষ্য অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে নিয়মিত সম্পৃক্ততা, অর্থবহ সংলাপ এবং নিবিড় সমন্বয় অপরিহার্য।

সার্কের নতুন মহাসচিব ভুটানের সোনাম তোপগে বলেন, উচ্চপর্যায়ের বৈঠকগুলো অনুষ্ঠিত না হলেও সার্কের প্রশাসনিক, আর্থিক ও কর্মসূচি সংক্রান্ত দিকগুলোকে পরিচালনার মাধ্যমে প্রোগ্রামিং কমিটি আঞ্চলিক সংহতির চেতনাকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

বিশেষায়িত সংস্থা ও আঞ্চলিক কেন্দ্রগুলোর ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি আশা প্রকাশ করেন যে, এই সভাটি তাদের সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর আরও গভীর মনোযোগ ও স্পষ্টতা আনবে এবং তাদের সামগ্রিক কর্মক্ষমতাকে আরও গতিশীল করবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত