পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলনে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি: বিজিবিএ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা।

বিজিবিএর নেতারা বলেছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে প্রতিদিন এ ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে। এ ক্ষতির নেতিবাচক প্রভাব শুধু তৈরি পোশাকশিল্পেই সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস, সংশ্লিষ্ট অন্যান্য খাতসহ সামগ্রিক অর্থনীতিতে পড়বে।

রাজধানীর উত্তরায় বিজিবিএর কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া, এমদাদুল হক মিয়াজী প্রমুখ।

লিখিত বক্তব্যে বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মজুরি বৃদ্ধির দাবি অত্যন্ত যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের কাজ চলছে। আমরা আশাবাদী, সংশ্লিষ্ট পক্ষ এমন একটি সময়োপযোগী মজুরিকাঠামোতে পৌঁছাতে সক্ষম হবে, যা একদিকে শ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায়সংগত হবে, অন্যদিকে কারখানাগুলোর জন্যও বহনযোগ্য থাকবে।’

বিজিবিএর সভাপতি বলেন, চলমান অস্থিরতা শুধু নতুন পণ্যের উৎপাদন ব্যাহত করছে না, বরং প্রস্তুতকৃত পণ্যের নির্ধারিত সময়ে জাহাজীকরণেও বিলম্ব হচ্ছে। আগামী মৌসুমের পণ্য নির্ধারিত সময়ে সরবরাহ করা না গেলে বাড়তি ব্যয়ে উড়োজাহাজে পণ্য পাঠাতে হতে পারে। ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড়ের চাপ আসতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

চলমান মজুরি আন্দোলনের কারণে ক্রয়াদেশে প্রভাব পড়ছে বলে দাবি করেন আবদুল হামিদ। তিনি বলেন, চলমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ প্রদানের ক্ষেত্রে সতর্ক ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমে এসেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে সরাসরি উৎপাদনকারী কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে। অনেক কারখানা তাদের পূর্ণ উৎপাদনসক্ষমতা অনুযায়ী পরিচালিত হতে পারবে না। কিছু কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হতে পারে। এর ফলে শুধু শিল্পের সক্ষমতা ও রপ্তানি আয়ই ক্ষতিগ্রস্ত হবে না, বরং অসংখ্য শ্রমিক ও তাঁদের পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

সর্বশেষ সর্বাধিক পঠিত