চেন্নাইয়ে সাবা চ্যাম্পিয়নশিপ খেলবে বাংলাদেশও

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ বাস্কেটবল দল। ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সাবা) আয়োজিত এই টুর্নামেন্টের পুরুষ বিভাগে অংশ নেবে বাংলাদেশ। আগামী ৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আন্তর্জাতিক এই আসরে অংশগ্রহণের পাশাপাশি দেশের বাস্কেটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটি। বৃহস্পতিবার রাতে পল্টনের জাতীয় স্টেডিয়ামে ফেডারেশনের সভাপতি মো. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান খোকন, সব সহসভাপতি এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য। 

চেন্নাইয়ে অনুষ্ঠেয় সাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ বাংলাদেশের খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মাধ্যমে খেলোয়াড়দের অভিজ্ঞতা ও সক্ষমতা বাড়বে বলে আশা করছে ফেডারেশন। একই সঙ্গে জাতীয় দলের প্রস্তুতি ও উন্নত প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় দলের পাশাপাশি ভবিষ্যতের খেলোয়াড় তৈরিতেও বিশেষ নজর দিচ্ছে নতুন কমিটি। প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে অনূর্ধ্ব—১৫ বালক ও বালিকা বাস্কেটবল দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে খেলোয়াড় বাছাই ও নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি সিলেকশন কমিটিও গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এদিকে ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচন আয়োজনের প্রস্তুতিও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডহক কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

দেশের বাস্কেটবলের অন্যতম বড় সমস্যা অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটাতেও উদ্যোগ নিয়েছে অ্যাডহক কমিটি। ফেডারেশনের জন্য একটি স্থায়ী নিজস্ব বাস্কেটবল মাঠ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া মহান বিজয় দিবস কাপ, প্রিমিয়ার বাস্কেটবল লিগ ও মহিলা বাস্কেটবল লিগ আয়োজনের পাশাপাশি রেফারিদের দক্ষতা উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। ২০২৭ সালের বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়নের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ফেডারেশনের সভাপতি মো. হাসান বলেন, ‘আমি নিজেও একজন বাস্কেটবল খেলোয়াড় ছিলাম। স্কুলে আমি বাস্কেটবল খেলেছি। আমার প্রতিষ্ঠান (তীর) বাংলাদেশ আর্চারি ফেডারেশনে পৃষ্ঠপোষকতা করছে। এবার বাস্কেটবলকে অন্য উচ্চতায় নিতে চাই। সবার সদিচ্ছা এবং সৎ চেষ্টা থাকলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।’ সাধারন সম্পাদক রাশেদুল হাসান খোকন বলেন, ‘এই টুর্ণামেন্টে আগে আমরা চতুর্থ হয়েছিলাম। এবারও তেমন আশানুরুপ কিছু হবে না মনে হয়। কারণ প্রস্তুতি ভাল হয়নি। আন্তর্জাতিক টুর্ণামেন্টে না খেললে সাসপেন্ড করে দিবে বিধায় খেলতে যাচ্ছে দল। তবে আশাকরি সামনের দিকে বেশ কিছু নতুন কার্যক্রম শুরু করবো। তাতে একটি লক্ষ্য ঠিক হবে আমাদের।’

চেন্নাইয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বয়সভিত্তিক দল গঠন, নিজস্ব মাঠ প্রতিষ্ঠা এবং নিয়মিত ঘরোয়া লিগ আয়োজনের পরিকল্পনার মধ্য দিয়ে দেশের বাস্কেটবলে নতুন গতি আনতে চায় ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটি। তবে এসব উদ্যোগের সফলতা নির্ভর করবে পরিকল্পনার দ্রুত ও কার্যকর বাস্তবায়নের ওপর।

সর্বশেষ সর্বাধিক পঠিত