ঋণখেলাপি হওয়ার পর সংশ্লিষ্ট ঋণের বিষয়ে আদালতের স্থগিতাদেশ থাকলে সেই ঋণগ্রহীতারাও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় ঋণসুবিধা পেতে পারেন। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার, কর্মসংস্থান ধরে রাখা এবং শিল্প খাতের উৎপাদন সচল রাখার লক্ষ্যে নেওয়া ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা কর্মসূচির বাস্তবায়ন সহজ করতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কোনো ঋণগ্রহীতা খেলাপি হওয়ার পর তাঁর দায়ের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে আদালত যদি সংশ্লিষ্ট ঋণের ওপর স্থগিতাদেশ দেন, তাহলে ওই ঋণগ্রহীতাকে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা যাবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান ধরে রাখা, উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে মোট ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম চালু করা হয়েছে। এসব কর্মসূচির আওতায় শিল্প ও সেবা খাত, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কৃষি, রপ্তানি এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন খাতে ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, প্রণোদনা কর্মসূচিগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আদালতের স্থগিতাদেশ পাওয়া ঋণগ্রহীতাদের যোগ্যতা বিবেচনায় ছাড় দেওয়া হলেও সংশ্লিষ্ট স্কিমগুলোর অন্যান্য শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ ঋণ পেতে হলে তাঁদেরও প্রতিটি কর্মসূচির নির্ধারিত অন্যান্য যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত তালিকায় ১৫টি প্রণোদনা কর্মসূচির বিবরণ তুলে ধরা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় চালুর জন্য পুনঃ অর্থায়ন স্কিম, সিএমএসএমই খাতের চলতি মূলধনের চাহিদা মেটাতে পুনঃ অর্থায়ন তহবিল এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে তিন হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল।
কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির জন্যও রয়েছে বিশেষ পুনঃ অর্থায়ন কর্মসূচি। পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ ও প্রাক্-জাহাজীকরণ ঋণ বা প্রিশিপমেন্ট ক্রেডিট খাতে অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেও রয়েছে একাধিক কর্মসূচি। কুটির ও মাইক্রো খাতের নতুন উদ্যোক্তাদের জন্য গঠিত বিশেষ স্কিমের অর্থ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে বিতরণ করা হবে। অন্যদিকে, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত প্রাক্-অর্থায়ন স্কিমের অর্থায়নের দায়িত্বে রয়েছে প্রবাসীকল্যাণ ব্যাংক।
বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমেও ঋণ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া পরিবেশবান্ধব কারখানা ও গ্রিন ইন্ডাস্ট্রি, সৃজনশীল অর্থনীতি এবং স্টার্টআপ খাতের বিকাশে অর্থায়নের কর্মসূচি রয়েছে। চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়ন এবং রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের জন্যও রাখা হয়েছে বিশেষ প্রাক্-অর্থায়ন তহবিল।
নতুন নির্দেশনার ফলে এসব প্রণোদনা কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার ক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ পাওয়া খেলাপি ঋণগ্রহীতারাও বিবেচিত হওয়ার সুযোগ পাবেন। তবে তাঁদের ঋণ পাওয়ার বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট স্কিমের অন্যান্য শর্ত ও যোগ্যতা পূরণের ওপর।