গোপালগঞ্জে ডাকসু নেতার বাড়িতে আগুন, লুটপাট

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:০২ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে বাড়িটিতে আগুন দেওয়া হয়। পরে দুপুরের দিকে চালানো হয় ভাঙচুর ও লুটপাট। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন মুসাদ্দিক। তার অভিযোগ, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে এ হামলা চালানো হয়েছে।

মুসাদ্দিক জানান, তার পরিবার ঢাকায় বসবাস করলেও গ্রামের বাড়িতে নিয়মিত যাতায়াত করে। তাঁর মেজ ভাই কয়েক বছর ধরে ওই বাড়িতে থাকেন। গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে তার বাড়িতে হামলার প্রচারণা চালানো হচ্ছিল। এ কারণে তিনি বাবাকে আপাতত গ্রামের বাড়িতে যেতে নিষেধ করেছিলেন।

হামলার সময় তার বাবা-মা বাড়িতে না থাকলেও ফুপুসহ কয়েকজন আত্মীয়স্বজন সেখানে ছিলেন। বিপদের আশঙ্কা বুঝতে পেরে তারা হামলার এক-দুই মিনিট আগে নিরাপদ স্থানে সরে যান।

মুসাদ্দিকের অভিযোগ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার বাড়িতে আগুন দিয়েছেন। একই সঙ্গে তাঁরা মুকসুদপুর থানায়ও আগুন দিয়েছেন। ফলে থানায় গিয়ে আইনি প্রতিকার চাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সরকারের ওপরও তার আস্থা নেই বলে জানান।

এদিকে ডাকসু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হামলার নিন্দা জানিয়েছে। ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে মুসাদ্দিকের বাড়ি মনে করে তার ফুপুর বাড়িতে আগুন দেওয়া হয়। পরে পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কয়েক দিন ধরে মুসাদ্দিকের বাড়িতে হামলার উসকানি দেওয়া হচ্ছিল। হামলার আশঙ্কার কথা একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে ঘটনার পর মুসাদ্দিককে ফোন করে খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত