ইতিহাসের কিছু অধ্যায় সময়ের ব্যবধানে পুরনো হয়ে যায়, কিন্তু তার ক্ষত কখনো পুরনো হয় না। মানুষের স্বাধীনতা হরণ, মানবিক মর্যাদাকে পদদলিত করা এবং একটি জনগোষ্ঠীকে প্রজন্মের পর প্রজন্ম শোষণের যন্ত্রে পরিণত করার ইতিহাস তেমনই একটি অধ্যায়। আটলান্টিক মহাসাগর পেরিয়ে আফ্রিকান মানুষদের দাস হিসেবে ইউরোপ ও আমেরিকায় নিয়ে যাওয়ার ইতিহাস মানবসভ্যতার অন্যতম কলঙ্কজনক অধ্যায়। এই ইতিহাসে ব্রিটেনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ব্রিটেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ কিংবা ক্ষমা প্রার্থনা কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়; বরং মানবিক বিবেক ও ঐতিহাসিক সত্যের মুখোমুখি হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৩ নভেম্বর কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে রাজা তৃতীয় চার্লস আটলান্টিক দাসবাণিজ্যকে ইতিহাসের একটি লজ্জাজনক অধ্যায় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই ইতিহাস তার হৃদয়ে গভীর আতঙ্ক এবং আত্মায় গভীর দুঃখের জন্ম দেয়। তার বক্তব্যে অতীতের অন্যায় স্বীকার করার পাশাপাশি তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বানও ছিল। যদিও তিনি সরাসরি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেননি, তার এই বক্তব্য দাসপ্রথার শিকার আফ্রিকান জনগোষ্ঠী এবং তাদের বংশধরদের দীর্ঘদিনের ক্ষোভ ও ন্যায়বিচারের দাবির প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক নিবন্ধে দাসপ্রথার শিকার কোটি মানুষের প্রতি গভীর দুঃখ ও অনুশোচনা প্রকাশ করেন। তিনি ব্রিটিশ রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবির বিষয়ে সংশ্লিষ্ট দেশ ও জনগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসার আগ্রহও জানিয়েছেন। যদিও তিনি আর্থিক ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছেন, তবু তার বক্তব্য ব্রিটেনের প্রচলিত রাজনৈতিক অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে। তার ভাষায়, দাসব্যবস্থা ছিল মানুষের মানবিক মর্যাদার ওপর এক বর্বর আঘাত। মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে সম্পত্তিতে পরিণত করা হয়েছিল এবং মৃত্যুর আগ পর্যন্ত শ্রম দিতে বাধ্য করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, ব্রিটেনের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে কি আফ্রিকার মানুষের প্রতি তাদের ঐতিহাসিক দায় শেষ হয়ে যাবে? ক্ষমা প্রার্থনা কি দায়মুক্তির দলিল? বরং এটি দায় স্বীকারের প্রথম ধাপ। কোনো রাষ্ট্রের বর্তমান প্রজন্ম অতীতের অপরাধে ব্যক্তিগতভাবে দায়ী না হলেও রাষ্ট্রের ইতিহাস, প্রতিষ্ঠান, সম্পদ ও আন্তর্জাতিক অবস্থানের সঙ্গে সেই অতীতের সম্পর্ক অস্বীকার করা যায় না। ব্রিটেনের শিল্পবিপ্লব, বাণিজ্যিক সম্প্রসারণ এবং ঔপনিবেশিক অর্থনৈতিক শক্তির উত্থানের পেছনে দাসপ্রথা ও ঔপনিবেশিক শোষণের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে আফ্রিকার বহু অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো দীর্ঘদিনের দাসব্যবসা ও ঔপনিবেশিক শাসনের কারণে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব, আজকের ব্রিটিশ নাগরিকদের ব্যক্তিগত অপরাধী হিসেবে বিবেচনা করার প্রশ্ন নয়; বরং রাষ্ট্র হিসেবে ব্রিটেন তার ইতিহাসের উত্তরাধিকার কীভাবে স্বীকার করবে, সেটিই মূল বিবেচ্য।
ক্ষমা চাওয়া মানে শুধু অতীতের জন্য দুঃখ প্রকাশ করা নয়, বরং ভুক্তভোগীদের অভিজ্ঞতা, বঞ্চনা ও দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া। এটি আফ্রিকান বংশোদ্ভূত মানুষ, ক্যারিবীয় জনগোষ্ঠী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর জন্য সম্মান ও মর্যাদার একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে। ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর জোট ক্যারিক-এর ১০ দফা ঐতিহাসিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন পরিকল্পনায় আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ, ঋণ পুনর্গঠন, জলবায়ু ন্যায়বিচার এবং প্রাতিষ্ঠানিক বৈষম্য দূর করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। বার্নহাম দরিদ্র কমনওয়েলথভুক্ত দেশগুলোর ঋণ পুনর্গঠনের উদ্যোগের কথা বলেছেন। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। কিন্তু এই উদ্যোগ যেন ঐতিহাসিক ন্যায়বিচারের প্রশ্নকে পাশ কাটানোর বিকল্প হয়ে না দাঁড়ায়। ক্ষতিপূরণের প্রশ্নে মতপার্থক্য থাকলেও ন্যায়বিচার সব সময় কেবল অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না। রাষ্ট্রীয় ক্ষমা, ঐতিহাসিক দলিল উন্মুক্ত করা, আফ্রিকান ও ক্যারিবীয় দেশগুলোর শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ, লুণ্ঠিত সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে দেওয়া, বর্ণবাদ ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং ন্যায্য আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা এসবই হতে পারে বৃহত্তর পুনর্মিলনের অংশ। উল্লেখ্য, বিষয়টি শুধু আফ্রিকা বা ক্যারিবীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; বিশ্বব্যাপী মানবাধিকার, বর্ণবাদবিরোধী আন্দোলন এবং ঐতিহাসিক ন্যায়বিচারের প্রশ্নেও এর গুরুত্ব রয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের বহু রাষ্ট্রের ইতিহাসে দাসপ্রথা, উপনিবেশবাদ, গণহত্যা, জাতিগত নিপীড়ন ও সাংস্কৃতিক ধ্বংসের ঘটনা রয়েছে। কিন্তু অতীতের ভুল স্বীকার করার মধ্য দিয়েই একটি রাষ্ট্র তার নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। জার্মানির নাৎসি অপরাধের স্বীকৃতি ও অনুশোচনার ইতিহাস যেমন বিশ্বকে শিক্ষা দিয়েছে, তেমনি ব্রিটেনের আন্তরিক রাষ্ট্রীয় ক্ষমা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়িত্বশীল রাষ্ট্রচিন্তার একটি উদাহরণ হয়ে উঠতে পারে। বর্তমান বিশ্বে যখন বর্ণবাদ, অভিবাসীবিরোধী মনোভাব, ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, তখন ব্রিটেনের এমন উদ্যোগ মানবতার পক্ষে একটি ইতিবাচক বৈশ্বিক বার্তা দিতে পারে; একটি শক্তিশালী রাষ্ট্র তার অতীতের গৌরবের পাশাপাশি অতীতের অপরাধের দায়ও স্বীকার করতে পারে। রাজা চার্লস বলেছেন, আমাদের পূর্বসূরিদের কর্মকাণ্ড আমরা পরিবর্তন করতে পারি না। তবে অতীত থেকে আমরা শিক্ষা নিতে পারি। তার বক্তব্যে দাসবাণিজ্যের কলঙ্কজনক অধ্যায়ের প্রতি গভীর অনুশোচনা এবং সেই ইতিহাসের অন্যায়কে স্বীকার করার মনোভাব স্পষ্ট।
ব্রিটেন যদি সত্যিকার অর্থেই এই ইতিহাসকে অন্যায় ও অমানবিক বলে স্বীকার করে, তাহলে সেই স্বীকৃতি শুধু আফ্রিকা নয়, সমগ্র বিশে^র মানুষের হৃদয়ে ইতিবাচক প্রতিধ্বনি সৃষ্টি করবে। কারণ ইতিহাসের প্রকৃত শিক্ষা অতীতকে অস্বীকার করা নয়; বরং অতীতের ভুল স্বীকার করে আরও মানবিক, ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ ভবিষ্যৎ নির্মাণ করা।
লেখক : যুক্তরাজ্য প্রবাসী