সংস্কারের নামে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় অপেক্ষার পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল। আগামী ২৪ নভেম্বর ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে দেশের ফুটবলের ঐতিহ্যবাহী এই ভেন্যুতে। দীর্ঘ ৬২ মাস পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আবারও ঘরোয়া ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়বে, এমন প্রত্যাশা ফুটবলপ্রেমীদের। এদিকে অস্থির গোপালগঞ্জের ভেন্যু নিয়ে শঙ্কায় রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।
দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর আবারও ব্যস্ত হয়ে উঠছে দেশের ঘরোয়া ফুটবলের মাঠ। আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ম্যাচ দিয়ে নতুন করে মাঠে ফিরছে ক্লাব ফুটবল। এর মধ্যেই জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফেরার খবরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে সর্বশেষ ঘরোয়া ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। এরপর দীর্ঘমেয়াদি সংস্কারকাজের কারণে বন্ধ হয়ে যায় এই ভেন্যুতে ঘরোয়া ফুটবলের আয়োজন। সময়ের হিসাবে পেরিয়ে গেছে ৬২ মাস। যদিও ২০২৫ সালে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছিল, তবে ঘরোয়া ফুটবলের অপেক্ষা শেষ হয়নি তখনো।
অবশেষে আগামী ২৪ নভেম্বর সেই অপেক্ষার অবসান হচ্ছে। ফেডারেশন কাপের ১৩তম ম্যাচে জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ফর্টিস এফসি লিমিটেড ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। দীর্ঘ বিরতির পর ঘরোয়া ফুটবলের এই প্রত্যাবর্তনকে দেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এদিকে ২৪ নভেম্বর দিনের অন্য ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে। সেখানে মাঠে নামবে আবাহনী লিমিটেড ঢাকা ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম সিটি এফসি ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।
অন্যদিকে আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ২৭ নভেম্বর থেকে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের খেলা। ষষ্ঠ রাউন্ডে সেদিন আলাদা ম্যাচে মাঠে নামবে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনী এবং বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল বসুন্ধরা কিংস। ফলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই ঘরোয়া ফুটবলে বাড়বে ব্যস্ততা। এ বিষয়ে লিগ কমিটির সদস্য সচিব ও বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী বলেন, ‘অবশেষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল। এটা স্বস্তির খবর আমাদের জন্য। আপাতত ফেডারেশন কাপের খেলা হবে। তারপর আমরা লিগের খেলাও এখানে গড়াচ্ছি।’
তবে ঘরোয়া ফুটবলের সূচির পাশাপাশি গোপালগঞ্জের ভেন্যু নিয়েও নতুন করে ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেখানে পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে জাকির হোসেন বলেন, ‘গোপালগঞ্জ ভেন্যুতে আগে অনেক খেলা হয়েছে। তবে পরবর্তী খেলা গড়াতে কয়েক দিন বাকি রয়েছে। আমাদের হাতেও সময় আছে। আগে দেখি পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়। তবে আমরা খুব শিগগিরই এই ভেন্যুর বিষয়ে সভায় বসব।’