দ্বিতীয় টেস্টে নেই হাসান

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:২৯ এএম

জোহানেসবার্গ টেস্টে চোট ও শারীরিক ধকলের কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলা হচ্ছে না হাসান মাহমুদের। টানা বোলিংয়ের চাপ এবং পুরনো কনুইয়ের চোট বিবেচনায় নিয়ে এই ডানহাতি পেসারকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফলে সেঞ্চুরিয়নে আগামী সোমবার শুরু হতে যাওয়া টেস্টে হাসানকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। গতকাল জোহানেসবার্গ টেস্ট হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে, সিরিজের শেষ ম্যাচে তাকে খেলিয়ে নতুন করে ঝুঁকি নিতে চায় না দল।

ওয়ান্ডারার্সে দলের তিন পেসারের মধ্যে সবচেয়ে বেশি বোলিং করেছেন হাসান। প্রায় ৩১ ওভার বল করে ১১৮ রান দিয়ে চার উইকেট শিকার করেন তিনি, যা বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ। তবে কার্যকর এই পারফরম্যান্সের আড়ালে তাকে পোহাতে হয়েছে বেশ কিছু শারীরিক সমস্যা। টেস্ট শুরুর আগেই ডান হাতে অস্বস্তি ছিল হাসানের। অনুশীলনে বাহুতে ব্রেস পরে দেখা যায় তাকে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেও একই অবস্থায় বোলিং করেন তিনি। এর মধ্যে দ্বিতীয় দিনে মার্কাস অ্যাকারম্যানের স্ট্রেইট ড্রাইভ ফলো থ্রুতে হাত ছুঁয়ে লাগে তার মাথায়। মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে অবশ্য আবার বোলিংয়ে ফেরেন এই পেসার।

চতুর্থ দিনেও দেখা দেয় পুরনো সমস্যা। দ্বিতীয় ওভারে চার বল করার পর ডান হাতে ব্যথা অনুভব করলে মাঠে আসেন ফিজিও। টেনিস এলবোর সমস্যায় কিছু সময়ের জন্য মাঠ ছাড়তে হয় হাসানকে। প্রায় ১০ ওভার পর ব্রেস খুলে পুরো বাহুতে সুরক্ষাব্যবস্থা নিয়ে ফিরে আবার বোলিং শুরু করেন। দ্বিতীয় নতুন বলে সাইমন হার্মারের উইকেটও তুলে নেন।

গত চার মাসে ৬টি টেস্ট খেলেছেন হাসান। অস্ট্রেলিয়া সফরের পাশাপাশি দেশের মাটিতে ও বিদেশে ব্যস্ত সূচির মধ্যে কাউন্টি ক্রিকেটেও খেলেছেন দুই ম্যাচ। সব মিলিয়ে তার কাজের চাপ আর না বাড়িয়ে বিশ্রাম দেওয়ার পথেই হাঁটছে বাংলাদেশ দল।

সর্বশেষ সর্বাধিক পঠিত