দীর্ঘ এক দশকের ব্যর্থতা আর হতাশার বৃত্ত ভেঙে ম্যানচেস্টার ইউনাইটেডকে পুরনো গৌরবে ফেরানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে পা রেখেছেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। তবে দায়িত্ব নেওয়ার পরপরই বড়সড় অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে ৫৪ বছর বয়সী এই কোচকে। আগামী রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মাঠে (অ্যানফিল্ড) তার অভিষেক ম্যাচ।
২০১৩ সালে কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন অবসরে যাওয়ার পর অষ্টম স্থায়ী কোচ হিসেবে ইউনাইটেডের দায়িত্ব নিলেন পচেত্তিনো। কিন্তু পূর্বসূরিদের তুলনায় সবচেয়ে নাজুক অবস্থায় দলকে পাচ্ছেন তিনি। চলতি লিগে প্রথম ১০ ম্যাচে মাত্র একটি জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে তিন নম্বরে (অবনমন অঞ্চলে) অবস্থান করছে ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নরা। গত ৪০ বছরের মধ্যে লিগে এটিই ইউনাইটেডের সবচেয়ে বাজে শুরু। মূলত এমন ভরাডুবির কারণেই স্থায়ী চুক্তির ছয় মাস না পেরোতেই গত সপ্তাহে বরখাস্ত হতে হয়েছে মাইকেল ক্যারিককে। এর আগে রুবেন আমোরিমও টিকেছিলেন মাত্র ১৪ মাস। ফলে ইউনাইটেডে সময় যে খুব একটা পাওয়া যায় না, তা পচেত্তিনোর ভালোই জানা।
সাম্প্রতিক বছরগুলোতে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল ও চেলসির ছায়ায় ঢাকা পড়ে থাকা ইউনাইটেড সমর্থকদের মনে আশার আলো জ্বেলেছেন পচেত্তিনো। সম্প্রতি টিএনটি টিভির বিশ্লেষক ডামার্কাস বিসলি সিটির আধিপত্যের প্রসঙ্গ টেনে বলেছিলেন, ‘ম্যানচেস্টার নীল, এবং এটি চিরকাল নীলই থাকবে।’ জবাবে দৃঢ়কণ্ঠে পচেত্তিনো বলেন, ‘মোটেও না। আপনারা দেখবেন, আমাকে শুধু কিছুটা সময় দিন এই চিত্র বদলে যাবে।’
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ হিসেবে হাইতির বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে বিদায় নিয়েছেন পচেত্তিনো। বুধবার ম্যানচেস্টারে পৌঁছানোয় রবিবারের হাইভোল্টেজ ম্যাচের আগে দলের সঙ্গে মাত্র তিনটি অনুশীলন সেশন করার সুযোগ পাচ্ছেন তিনি। তবে প্রস্তুতির এই স্বল্পতা নিয়ে মোটেও চিন্তিত নন সাবেক টটেনহ্যাম ও চেলসি কোচ। তিনি বলেন, ‘আমরা প্রতিদিন সব লিগের খেলা দেখি, কারণ এটাই আমাদের আবেগ। প্রতিপক্ষ সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। এখন সবচেয়ে জরুরি হলো আমাদের নিজেদের খেলোয়াড়, স্টাফ এবং ক্লাবের সংস্কৃতিকে বোঝা এবং সেখান থেকে উন্নতি করা।’
ফুটবল বিশ্লেষকদের মতে, রবিবারের ম্যাচে ইউনাইটেডের মূল ভরসা ‘নিউ ম্যানেজার বাউন্স’ অর্থাৎ নতুন কোচ আসার পর খেলোয়াড়দের মানসিক চাঙ্গাভাব। গত জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দুই ম্যাচেই সিটি ও আর্সেনালকে হারিয়ে চমক দেখিয়েছিলেন ক্যারিক। পচেত্তিনোও তেমন কিছুরই প্রত্যাশা করবেন।
পচেত্তিনোর সামনে প্রথম কাজ হবে ইউনাইটেডের ভঙ্গুর রক্ষণভাগ সামলানো। আন্তর্জাতিক বিরতির আগে অ্যাস্টন ভিলার সঙ্গে ৪-৪ গোলে ড্র করা ম্যাচসহ ১০ লিগ ম্যাচে ইতিমধ্যে ১৯ গোল হজম করেছে তারা। পাশাপাশি অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের সেরা ছন্দ ফিরিয়ে আনাও জরুরি। সাবেক ইউনাইটেড ডিফেন্ডার গ্যারি নেভিল মনে করেন, পচেত্তিনোর প্রথম বড় বৈঠকটি হওয়া উচিত ব্রুনোর সঙ্গে। নেভিলের ভাষায়, ‘তার উচিত ব্রুনোকে বলা আমি তোমাকে আবার লিগের সেরা খেলোয়াড় বানাতে চাই, তুমিই আমার অধিনায়ক।’