নামাজের সময় নারীর চুল বেরিয়ে থাকা
অনেককে বলেতে শোনা যায়, নামাজ অবস্থায় যদি কোনো নারীর একটি চুলও বের হয়ে থাকে তাহলে নামাজ হবে না। এই কথা সঠিক নয়।
নামাজে এক দুটি চুল বের হয়ে গেলে নামাজের কোনো ক্ষতি হবে না। কেননা সতরের ক্ষেত্রে নারীদের মাথার সব চুল এক অঙ্গ হিসেবে গণ্য। সুতরাং মাথার সব চুলের এক-চতুর্থাংশ বা তার বেশি যদি তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম’ বলা পরিমাণ বের হয়ে থাকে তাহলে নামাজ নষ্ট হবে, অন্যথায় নয়। উল্লেখ্য, নামাজ পড়তে হবে সম্পূর্ণ মাথা ঢেকে পূর্ণ সতর্কতার সঙ্গে, যেন চুলের কোনো অংশ বের না হয়ে যায়। (ফাতাওয়া শামি ১/৪০৯)
তেলাওয়াতে সেজদার আয়াত বাদ দেওয়া
অনেকেই কোরআন তেলাওয়াতের সময় সেজদার আয়াত এলে তা বাদ দিয়ে তেলাওয়াত করে, যাতে সেজদা করতে না হয়। এটি একটি ভুল পদ্ধতি। এ ছাড়া তেলাওয়াতের মাঝে এভাবে আয়াত বাদ দিয়ে পড়া কোরআনের
আদব পরিপন্থী। আল্লাহর কালাম ধারাবাহিকভাবেই পড়ে যাওয়া কর্তব্য।
সেজদার আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে যদি সেজদা করা না যায়, পরেও তা আদায় করা যাবে। এজন্য সেজদার আয়াত বাদ দেওয়া যাবে না। এটা কোনোভাবেই ঠিক হবে না। (বাদায়েউস সানাইয়ে ১/৪৪৯, আদ্দুররুল মুখতার ২/১২৪)
কাপড়ে মশার রক্ত লাগলে নামাজ হবে কি
কাপড়ে মশার রক্ত লাগলে নামাজের কোনো সমস্যা হয় না। হাসান বসরি (রহ.), আতা ইবনে আবি রাবাহ (রহ.) প্রমুখ তাবেয়ি থেকে বর্ণিত আছে, কাপড়ে মশা-মাছির
রক্ত লাগলে কোনো সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে
আবি শায়বা ২০১৯) তবে নজরে পড়লে রক্ত ধুয়ে
নেওয়া ভালো।
গ্রন্থনা : মুফতি হাসান আল মামুন