সমকালীন মুসলিম বিশে^র প্রভাবশালী আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। ছয় দশকের বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা, লেখালেখি ও ফতোয়া প্রদানের মাধ্যমে তিনি ইসলামি জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুতবা দেওয়ার কথা রয়েছে তার।
১৯৪৩ সালের ৩ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের দেওবন্দে জন্মগ্রহণ করেন তিনি। করাচির দারুল উলুম থেকে ইসলামি শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি করাচি বিশ্ববিদ্যালয়ে আইন ও অর্থনীতি এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য অধ্যয়ন করেন। তিনি ১৯৫৯ সাল থেকে শিক্ষকতা করছেন। করাচির জামিয়া দারুল উলুমে শায়খুল হাদিসের দায়িত্ব পালন করছেন তিনি। সহিহ মুসলিমের ব্যাখ্যাগ্রন্থ তাকমিলাতু ফাতহুল মুলহিম, ইনআমুল বারি ও দরসে তিরমিজি তার উল্লেখযোগ্য রচনা।
আধুনিক ব্যাংকিং ও অর্থব্যবস্থাকে শরিয়াহর আলোকে পরিচালনার গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তিনি। তার লেখা ‘অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইন্যান্স’ এ বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ। বিশ্বের বিভিন্ন ইসলামি আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের ফেডারেল শরিয়াহ আদালতের বিচারক এবং পরে সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। ইসলামি অর্থনীতিতে অবদানের জন্য ২০১৪ সালে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক পুরস্কার এবং ২০১৯ সালে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্মাননা সিতারা-ই-ইমতিয়াজ লাভ করেন।
ধর্মীয় জ্ঞান, আধুনিক গবেষণা ও সমসাময়িক বাস্তবতার সমন্বয়ে তাকি উসমানি মুসলিম বিশ্বের জ্ঞানচর্চায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।