মানুষের জীবনে ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি স্থান রয়েছে। প্রত্যেক ব্যবসায়ী চান তার বিনিয়োগ লাভজনক হোক। তিনি এমন ব্যবসা খোঁজেন, যেখানে লোকসানের আশঙ্কা কম এবং লাভের সম্ভাবনা বেশি। দুনিয়ার ব্যবসায় লাভ-লোকসান, সফলতা-ব্যর্থতা দুটিই রয়েছে। কিন্তু মহান আল্লাহ পবিত্র কোরআনে এমন এক ব্যবসার সন্ধান দিয়েছেন, যার বিনিময়ে মানুষ লাভ করবে চিরস্থায়ী মুক্তি ও জান্নাত। এ ব্যবসায় কোনো লোকসান নেই। বরং রয়েছে আল্লাহর সন্তুষ্টি, ক্ষমা ও অফুরন্ত পুরস্কার। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! আমি কি তোমাদের এমন এক ব্যবসার সন্ধান দেব, যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? তা হলো, তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের সম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করবে। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’ (সুরা সফ ১০-১১)
এই আয়াতে মহান আল্লাহ মুমিনদের এমন এক লাভজনক ব্যবসার কথা জানিয়েছেন, যার মাধ্যমে পরকালের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ব্যবসার মূলধন হলো ইমান, আর এর অন্যতম উপাদান আল্লাহর পথে সম্পদ ও জীবন উৎসর্গ করা। অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ এবং দ্বীনের জন্য আন্তরিকভাবে কাজ করাই এই ব্যবসার ভিত্তি।
এর পরের আয়াতে মহান আল্লাহ এই ব্যবসার প্রতিদান ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত।’ (সুরা সফ ১২)
লক্ষ করার বিষয় হলো, দুনিয়ার ব্যবসায় মানুষ নিজের সম্পদ বিনিয়োগ করে অধিক সম্পদ অর্জনের আশায়। কিন্তু আল্লাহর সঙ্গে এই ব্যবসায় মানুষ নিজের জীবন ও সম্পদ ব্যয় করে অর্জন করে এমন পুরস্কার, যা কোনো দুনিয়াবি সম্পদের সঙ্গে তুলনীয় নয়। এখানে লাভ হলো গুনাহের ক্ষমা, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের চিরস্থায়ী সুখ।
এই ব্যবসায় অংশ নিতে হলে ইমানের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা মেনে চলতে হবে। নামাজ আদায়, রোজা পালন, হালাল উপার্জন, মানুষের অধিকার রক্ষা, দান-সদকা, সত্যবাদিতা এবং সৎকাজে অবিচল থাকা এরই অংশ।