বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে এবার নিজের স্বাক্ষরসহ আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে লন্ডনের আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বারস দ্বিতীয় দফায় দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার পাঠানো ওই ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত ওকালতনামাও সংযুক্ত করা হয়েছে।
ওকালতনামার মাধ্যমে তার পক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতাও পেয়েছে সংস্থাটি। ই-মেইলে বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে কী ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছিল ম্যাট্রিক্স চেম্বারস। ওই আবেদনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলেও তার স্বাক্ষরিত কোনো অনুমতিপত্র সংযুক্ত ছিল না।
এবার দ্বিতীয় দফার আবেদনে সেই অনুমতিপত্র যুক্ত করা হয়েছে।
ম্যাট্রিক্স চেম্বারসের দাবি, আগের ই-মেইলটি হাইকমিশন পেয়েছে বলে সংবাদমাধ্যমে তারা জানতে পেরেছে। তবে গত ১০ দিনেও কোনো জবাব না পাওয়ায় প্রয়োজনীয় তথ্য জানতে আবারও যোগাযোগ করেছে সংস্থাটি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা। এর দুই দিনের মধ্যে তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়।
এদিকে পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার উদ্যোগে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া দেয়নি ঢাকা। গত ৯ নভেম্বর বিষয়টি প্রকাশ্যে আসার পর সরকারের একাধিক মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় পদক্ষেপ নিতে হবে।
২০২৫ সালের ১৭ নভেম্বর ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদ- দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও জোরালো হয়। ঢাকা একাধিকবার তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও নয়াদিল্লি বিষয়টি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনার কথা জানিয়েছে।
এমন পরিস্থিতিতে পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে লন্ডনের আইনি পরামর্শক সংস্থার মাধ্যমে শেখ হাসিনার এ উদ্যোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার এই পদক্ষেপের পেছনে কেবল প্রয়োজনীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার চেষ্টা, নাকি দেশে ফেরার সম্ভাব্য আইনি প্রস্তুতি রয়েছে, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
তবে পাসপোর্ট ও এনআইডি ফিরে পেলেই দেশে ফেরার পথ সহজ হবে না। একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদ-ের রায়, অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের দাবি সব মিলিয়ে তার দেশে ফেরার বিষয়টি এখনো আইনি ও কূটনৈতিক জটিলতার মধ্যেই রয়েছে।