ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামানসহ ১৭ জনকে কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসাইন বলেন, প্রতারণার মাধ্যমে ব্যংকের ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ করা দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানকে ১৫ বছরের কারাদন্ড এবং ৫০ কোটি টাকা জরিমানা করেছে আদালত। তার স্ত্রী রুখমিলা জামানকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদন্ড। বাকি ১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড হয়েছে। মামলার অন্য ১৯ আসামিকে খালাস দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত অন্য ১৫ জন হলেন আবদুল হামিদ চৌধুরী, মো. একরাম উল্লাহ, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সৈয়দ কামরুজ্জামান, বশির আহমেদ, শাহ আলম ও উৎপল পাল। এর মধ্যে কয়েকজনকে ১০ বছর, কয়েকজনকে পাঁচ বছর এবং অন্যদের তিন বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, ২০২৫ সালের ২৪ জুলাই সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান মামলাটি করেন। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক।
অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। দুদকের অভিযোগপত্র অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়। এ জন্য সাইফুজ্জামান তার মালিকানাধীন আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে মালিক দেখিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে জাল নথিপত্র তৈরি করে ইউসিবির পোর্ট শাখা থেকে প্রতিষ্ঠানটির নামে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, ঋণের ২৫ কোটি টাকার মধ্যে প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকা সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের আগের দায় পরিশোধে ব্যবহার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মশিউর রহমানের দাবি, এই অর্থ হুন্ডি ও হাওলা প্রক্রিয়ায় প্রথমে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাচার করা হয়। পরে সেখান থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠিয়ে সম্পদ কেনা হয়।