নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। রায়ের প্রাথমিক পর্যবেক্ষণে আদালত বলেছেন, রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী। তাদের নিজস্ব ভাষা, শিল্পকলা ও পৃথক সাংস্কৃতিক পরিচয় রয়েছে। খবর বিবিসির।
রায়ে আদালত উল্লেখ করেন, মিয়ানমার কয়েক দশক ধরে রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছে। ফলে আন্তর্জাতিক আইনে সুরক্ষিত জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য তারা।
বিচারপতি ইউজি বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছেন আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি। রায়ের শুরুতে তিনি মামলার পটভূমি এবং আদালত কীভাবে সিদ্ধান্তে পৌঁছেছে, তা তুলে ধরেন।
বিচারপতি বলেন, গণহত্যা-সংক্রান্ত আগের মামলাগুলোর মতো এই মামলায় তুলনা করার মতো কোনো পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্ত নেই। তাই তথ্য-উপাত্ত যাচাই ও সিদ্ধান্তে পৌঁছাতে আদালতকে মামলার দুই পক্ষের উপস্থাপিত প্রমাণের ওপর নির্ভর করতে হচ্ছে।
তিনি জানান, সাক্ষীদের জবানবন্দি, বক্তব্য দেওয়ার পরিস্থিতি এবং সেগুলোর বিশ্বাসযোগ্যতা বিবেচনায় নিয়েছে আদালত। পাশাপাশি সাক্ষ্য দেওয়ার কারণে প্রতিশোধের শিকার হওয়ার আশঙ্কার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।
মৌখিক শুনানিতে ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হওয়া চারজন সাক্ষীর বক্তব্য শুনেছে আদালত। বিচারপতি ইউজি বলেন, গাম্বিয়ার সাক্ষীরা যেসব নির্দিষ্ট ঘটনার বর্ণনা দিয়েছেন, সেগুলো আদালতের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। তাঁদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য জেরার সময়ও খণ্ডন করা যায়নি।
এদিকে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় সরাসরি দেখতে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। রায় ঘোষণার খবর জানতে সেখানে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক রোহিঙ্গা।