দেশের অর্থনীতি গত কয়েক মাস ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল উল্লেখ করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের উন্নয়নের সম্ভাবনা নষ্ট করতে দুর্বৃত্তায়ন ও লুটপাটের অপচেষ্টা রুখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।
গতকাল শুক্রবার বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলার (সিআইটিএফ-২০২৬) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের সংকট কাটিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর কাজ চলছে। দেশের উন্নয়নের সম্ভাবনা নষ্ট করতে যেকোনো ধরনের দুর্বৃত্তায়ন ও লুটপাটের অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের সম্ভাবনাগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। এ লক্ষ্যে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, কার্গো ভিলেজ ও শিল্পায়নের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি বেসরকারি খাতের সক্ষমতা ও প্রতিযোগিতার মান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী এখন আর কেবল একটি দলের নেতা নন, তিনি সবার এবং তাকে ঘিরে চট্টগ্রামবাসী নতুন স্বপ্ন দেখছে। বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটলেও চট্টগ্রামের মানুষ সম্মিলিতভাবে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছে উল্লেখ করে তিনি জানান, চট্টগ্রামকে একটি আধুনিক ও ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে।
চিটাগং চেম্বারের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী ও মশিউল আলম স্বপন, পরিচালক এস এম সাইফুল আলম, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, আবুল হাসেম বক্কর, সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুই বছর বিরতির পর বন্দরনগরীতে আবারও বসা এই মেলায় ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টলে দেশি-বিদেশি তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তবে উদ্বোধন হলেও এখনো মেলা পুরোদমে চালু হয়নি। প্রথম দিনে এখনো অনেক স্টলের সাজসজ্জার কাজ চলতে দেখা গেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এবং প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।