আমন কাটার মৌসুমে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমন ধান কাটার পর জমিতেই স্তুপ করে রেখেছেন অনেক কৃষক। কেউ ধান শুকানোর জন্য ছড়িয়ে দিয়েছিলেন, কেউবা মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই বৃষ্টিতে ভিজে গেছে কাটা ধান। কোথাও জমে থাকা পানিতে ধানের আঁটি ডুবে আছে, আবার কোথাও ভেজা ধান দ্রুত বাড়িতে নেওয়ার চেষ্টা করছেন কৃষকরা।

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

কুড়িগ্রামে আমন ধান কাটার মৌসুমে বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। পাকা ধান কেটে জমিতে শুকাতে দিয়েছিলেন তারা। কিন্তু টানা দুই দিনের বৃষ্টিতে জমিতে পড়ে থাকা সেই ধান ভিজে গেছে। কোথাও কোথাও জমে থাকা পানিতে ডুবে আছে কাটা ধান। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফসল ঘরে তোলার আগেই লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।

ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে কৃষকদের করণীয় কি, এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন বলেন, কৃষকদের যত দ্রুত সম্ভব কাটা ধান বাড়িতে নিয়ে আসতে হবে। জমিতে ফেলে রাখলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়িতে নেওয়ার পর ধান মাড়াইয়ের উপযোগী হলে মাড়াই করে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। ধান ভালোভাবে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, বৃষ্টিতে ভেজা ধান রক্ষা ও ফসলের ক্ষতি কমাতে কৃষকদের দ্রুত উপজেলা কৃষি অফিস অথবা নিজ নিজ এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে। 

রবিবার (২২ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমন ধান কাটার পর জমিতেই স্তুপ করে রেখেছেন অনেক কৃষক। কেউ ধান শুকানোর জন্য ছড়িয়ে দিয়েছিলেন, কেউবা মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই বৃষ্টিতে ভিজে গেছে কাটা ধান। কোথাও জমে থাকা পানিতে ধানের আঁটি ডুবে আছে, আবার কোথাও ভেজা ধান দ্রুত বাড়িতে নেওয়ার চেষ্টা করছেন কৃষকরা।

নাগেশ্বরী উপজেলার কৃষক কাশেম আলী বলেন, “অনেক কষ্ট করে ধান ফলিয়েছি। পাকা ধান কেটে জমিতে শুকাতে দিয়েছিলাম। কিন্তু বৃষ্টিতে সব ভিজে গেছে। এখন জমিতে পড়ে থাকলে ধান নষ্ট হয়ে যেতে পারে। তাই বৃষ্টির মধ্যেই বাড়িতে নেওয়ার চেষ্টা করছি।

একই উপজেলার কৃষক রহিম উদ্দিন বলেন, দুই বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছিলাম। দুই দিনের বৃষ্টিতে সব ভিজে গেছে। এখন ধান বাড়িতে নেব, নাকি শুকানোর ব্যবস্থা করব, বুঝতে পারছি না। ধান নষ্ট হলে সারা বছরের কষ্ট বৃথা যাবে।

এদিকে আমন ধান কাটার সময় সাধারণত কৃষকেরা কয়েক দিন জমিতে ধান শুকিয়ে এরপর মাড়াই করেন। এ সময় বৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন তারা, যাদের ধান এখনো মাঠে রয়েছে।

কৃষকদের মতে, জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। ফসল মাঠে আসার পর এমন বৃষ্টি তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

কাটা ধান দীর্ঘ সময় ভেজা অবস্থায় পড়ে থাকলে অঙ্কুরোদ্গম, দানার রং পরিবর্তন, ওজন কমে যাওয়া এবং সংরক্ষণে সমস্যা দেখা দিতে পারে। এতে বাজারমূল্যও কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

কৃষকরা বলছেন, বৃষ্টির পরিমাণ খুব বেশি না হলেও ধান কাটার মৌসুম হওয়ায় ক্ষতির আশঙ্কা বেড়েছে। তাদের প্রশ্ন, আগাম বৃষ্টির পূর্বাভাস পৌঁছালে হয়তো অনেকেই ধান আগেভাগে ঘরে তুলতে পারতেন।

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী এলাকার কৃষক গাজিউর রহমান বলেন, আগাম বৃষ্টি হবে, সেটা তো আমরা জানতাম না। জানলে হয়তো আগে ধান কেটে ঘরে তুলতাম। বৃষ্টি হবে, এমন খবর পাইনি। যার কারণে এই সমস্যায় পড়তে হয়েছে।

আরেক কৃষক নুরুল হক বলেন, বৃষ্টি যে হবে, আমরা তো জানি না। আগে থেকে জানতে পারলে এই সমস্যায় পড়তে হতো না।

কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী দিনগুলোতে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আগাম আবহাওয়ার তথ্য আমরা কৃষি বিভাগে পাঠাই। মূলত তারাই এসব তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কথা। এ ছাড়া আগামীকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি বিভাগ বলছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠে পড়ে থাকা কাটা ধান দ্রুত সরিয়ে নেওয়া। দীর্ঘ সময় ভেজা অবস্থায় ধান জমিতে পড়ে থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষি বিভাগ আরও জানান, প্রতিটি ইউনিয়নে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। তারা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকদের দ্রুত ধান ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে অনেক কৃষকের অভিযোগ, তারা কৃষি বিভাগের কাছ থেকে আগাম বৃষ্টির তথ্য পাননি। সময়মতো পূর্বাভাস ও পরামর্শ পেলে আরও বেশি কৃষক তাদের কাটা ধান নিরাপদে ঘরে তুলতে পারতেন।।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর কুড়িগ্রাম জেলায় প্রায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে কত জমির ধান ক্ষতির ঝুঁকিতে পড়েছে, তার নির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি।

কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় আমন ধান কাটার মৌসুমে বৃষ্টি কৃষকদের নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। জমিতে পড়ে থাকা ধান দ্রুত ঘরে তুলতে না পারলে লোকসানের আশঙ্কা করছেন তারা। কৃষকদের মতে, সময়মতো আবহাওয়ার পূর্বাভাস ও প্রয়োজনীয় পরামর্শ আরও বেশি মানুষের কাছে পৌঁছানো গেলে এ ধরনের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।
 

সর্বশেষ সর্বাধিক পঠিত