জমির মালিকানা নিয়ে বিরোধ, সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক

মেয়াদোত্তীর্ণ পুরোনো সেতুটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে। সর্বশেষ গত ১৭ নভেম্বর ভোরে পাথরবোঝাই একটি ট্রাকের চাপে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের পাটাতনের একটি অংশ ভেঙে যায়। এতে সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের সঙ্গে দেশের সড়ক যোগাযোগ সহজ করতে দুধকুমার নদের ওপর নির্মাণ করা হচ্ছে নতুন সেতু।

তবে সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জমির মালিকানা নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিরোধের কারণে সাত বছরেও শুরু করা যায়নি নির্মাণকাজ। এতে অসম্পূর্ণ রয়ে গেছে সেতুটি। ভোগান্তিতে পড়েছেন স্থলবন্দরের ব্যবসায়ী, পণ্য পরিবহনের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

এদিকে মেয়াদোত্তীর্ণ পুরোনো সেতুটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে। সর্বশেষ গত ১৭ নভেম্বর ভোরে পাথরবোঝাই একটি ট্রাকের চাপে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের পাটাতনের একটি অংশ ভেঙে যায়। এতে সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে ১৯৮৭ সালে নির্মিত সোনাহাট রেলসেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা এবং পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে পুরোনো সেতুর দক্ষিণ পাশে দুধকুমার নদের ওপর নতুন একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয় কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ২০১৯ সালে ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয়।

সেতু ও সংযোগ সড়ক নির্মাণে চুক্তিমূল্য ধরা হয় ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও নির্মাণকাজে ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। এ পর্যন্ত চার দফা মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রকল্প ব্যয়ও প্রায় ৭ কোটি টাকা বেড়েছে। এরপরও পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ শুরু করা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রায় ছয় একর জমির মালিকানা দাবি করছেন স্থানীয় ব্যক্তিরা। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ও জমিগুলো নিজেদের বলে দাবি করেছে। এ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে। একই জমির মালিকানা দুই পক্ষ দাবি করায় আটকে গেছে অধিগ্রহণপ্রক্রিয়া। বিষয়টি নিয়ে আন্তমন্ত্রণালয়ে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

সরেজমিনে জমির কাগজপত্র ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে দেখা গেছে, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নম্বর দাগে ১৪১ দশমিক ২৬ শতক এবং ১০০১, ১০০২, ১০০৩ ও ১০০৪ নম্বর দাগে ৪২৯ দশমিক ৯৭ শতক জমি রয়েছে। সব মিলিয়ে ৫৭১ দশমিক ২৩ শতক জমির মালিকানা দাবি করছেন পাঁচ পক্ষের ৩৮ জন অংশীদার। অন্যদিকে এসব জমি নিজেদের বলে দাবি করছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

জমির মালিকানা দাবি করা আবদুল জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ কয়েকজন বলেন, জমিগুলো তাদের পৈতৃক সম্পত্তি। তিনটি রেকর্ড তাদের নামে রয়েছে। এরপরও রেলওয়ে জমিগুলো নিজেদের বলে দাবি করছে। তারা বলেন, জমির ন্যায্য মূল্য না দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হলে তাদের আশ্রয় নেওয়ার জায়গা থাকবে না। এমনিতেই তাদের মাথা গোঁজার ঠাঁই নেই।

নির্মাণকাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, সেতুর ওপরের অংশ এবং পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণ জটিলতায় কাজ আটকে আছে। জমি বুঝে পেলে ছয় মাসের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব হবে।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার বলেন, ইতিমধ্যে সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করা যাচ্ছে না। অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জমি বুঝে পেলেই দ্রুত নির্মাণকাজ শেষ করা হবে।

জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে আন্তমন্ত্রণালয়ে তিনটি বৈঠক হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ করতে তারা কাজ করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত