রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ২ ব্যবসায়ী

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

রাজধানীতে বাসের ভেতর দুই ব্যবসায়ী অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ স্বজনদের। 

সোমবার (২৩ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রান্তরা হলেন পোস্তগোলার কাউ ম্যাট ব্যবসায়ী সজিব আহমেদ (৩০) ও সাদ্দাম হোসেন (৩৫)।

তাদের হাসপাতালে নিয়ে আসা পরিচিত গাড়িচালক মো. রাকিব গাজি জানান, সজিব ও সাদ্দাম পোস্তগোলায় কাউ ম্যাট (গরুর জন্য রাবারের কারপেট) ব্যবসা করেন। সজিব থাকেন জুরাইন তুলাবাগিচা আর সাদ্দাম কদমতলী। সাদ্দাম সজিবকে সাথে নিয়ে ব্যবসার মালামাল কিনতে সকালে গাজিপুর মাওনা যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে তাদের ফোনে কল করলে বাসের স্টাফরা জানান, বাসের ভিতর অচেতন হয়ে আছেন তারা। তাদেরকে তেজগাঁও সাত রাস্তা পুলিশ বক্সের সামনে নামিয়ে রেখে যাওয়া হচ্ছে। এরপর তারা সেখান থেকে ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি জানান, মালামাল কেনার জন্য  তাদের কাছে কয়েক লাখ টাকা ছিল। সেই টাকা তাদের কাছে আর পাওয়া যায়নি। শুধু তাদের মুঠোফোন সাথে রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, ওই দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, বাসের ভিতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত