রাজধানীর বারিধারায় অমনি রেসিডেন্সি হোটেলের ভবন মালিক আবু আক্তার শাহরিয়ারের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, ব্যবসায়িক কার্যক্রমে বাধা, প্রাণনাশের হুমকি এবং প্রতিষ্ঠানের সম্পদ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ নিজেদের বিনিয়োগ, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশ প্রধান, এসআরবি প্রধান ও এসবি প্রধান বরাবর চিঠি দিয়েছেন। এর আগে একই অভিযোগে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী গোলাম মোস্তফা।
হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, ২০২২ সালে ভবনটি ভাড়া নেওয়ার পর জরাজীর্ণ অবস্থা থেকে আধুনিক তিন তারকা হোটেলে রূপান্তর করতে তারা প্রায় ৮ কোটি ৪৯ লাখ টাকা বিনিয়োগ করে। সর্বশেষ ২০২৫ সালের ভাড়াচুক্তি অনুযায়ী ২০৩৪ সাল পর্যন্ত ভবনটি ভাড়া নেওয়া রয়েছে। নিয়মিত ভাড়া পরিশোধ করলেও ভবন মালিক বিভিন্ন সময়ে বহিরাগত লোকজন নিয়ে হোটেলে প্রবেশ, কর্মীদের ভয়ভীতি প্রদর্শন এবং কার্যক্রম বন্ধের চেষ্টা করছেন।
অভিযোগে বলা হয়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ও ২৫ মে হোটেলের প্রবেশপথে তালা দেওয়া হয়। ১৩ সেপ্টেম্বর সাজসজ্জার সরঞ্জাম আনার কথা বলে বাঁশ ও কেরোসিনজাতীয় তরল নিয়ে তিন যুবক হোটেলে প্রবেশ করেন। সর্বশেষ ২০ নভেম্বর ৬-৭ জনকে নিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করা হয়।
হোটেল কর্তৃপক্ষের দাবি, ভবন মালিক অতিরিক্ত এক কোটি টাকা দাবি করছেন এবং প্রায় ১২ কোটি টাকার সম্পদ নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। এ ঘটনায় গুলশান থানায় জিডি এবং ঢাকার দেওয়ানি আদালতে মামলা করা হয়েছে। অভিযোগগুলোর তদন্ত ও হোটেলের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে প্রতিষ্ঠানটি।