বন্যাবিধ্বস্ত নেপাল পুনর্গঠনে ১৬২ কোটি ডলার দেবে ভারত

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ১৬২ কোটি ডলারের (১ দশমিক ৬২ বিলিয়ন ডলার) অর্থনৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর রয়টার্স। 

দুই দিনের সফরে বর্তমানে ভারতের রাজধানীতে রয়েছেন বালেন্দ্র শাহ। গত মার্চে ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশ হিসেবে এটিই তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফর। গত আগস্টে হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যায় নেপালে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু এবং আরও পাঁচ হাজার ২০০ জন নিখোঁজ হন। তাঁদের মৃত বলে ধারণা করা হচ্ছে।

বৈঠক শেষে গণমাধ্যমের সামনে মোদি বলেন, ‘নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি আনতে আজ আমরা ২৪ হাজার কোটি নেপালি রুপির (২৪০ বিলিয়ন রুপি) উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, নতুন সুযোগ তৈরি করতে এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা আরও বাড়াতে ভারত সহযোগিতা করবে।’

প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে ভারত ধারাবাহিকভাবে নেপালের পাশে দাঁড়ানোয় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহ। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় ভারত সব সময় নেপালের পাশে থেকে প্রথম সাড়া দিয়েছে।’

দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অংশীদার হতে ভারতীয় বিনিয়োগকারীদের নেপালে বিনিয়োগের আহ্বান জানান তিনি। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিমালয়কন্যা নেপাল সফরের আমন্ত্রণ জানান শাহ।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ভারত ও নেপালকে সংযুক্তকারী একটি রেল যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করেন।

গত ২৬ আগস্ট চীনের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় হিমবাহ ধসে ভয়াবহ বন্যার সূত্রপাত হয়। এতে বিপুল পরিমাণ কাদা ও পাথর ধেয়ে এসে ত্রিশূলী নদীতে পড়ে। এর ফলে নদীর পানি উপচে আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

বন্যায় গ্রাম ভেসে যায়, মহাসড়ক, সেতু ও বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাদার নিচে চাপা পড়ে বহু বাড়িঘর। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত তুলনামূলক দরিদ্র দেশ নেপাল এ দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক রয়েছে। দুই দেশের সীমান্ত উন্মুক্ত থাকায় লাখ লাখ নেপালি নাগরিক ভারতে বসবাস ও কাজ করার সুযোগ পান।

আগস্টের বন্যার পরপরই প্রথম সহায়তা নিয়ে এগিয়ে আসে ভারত। দেশটি কয়েক দফায় বিমানভর্তি ত্রাণ পাঠানোর পাশাপাশি পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়া যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারেও সহায়তা করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত