রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি জেলেনস্কির

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

লিবিয়ার একটি বন্দরে রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (২৩ নভেম্বর) তিনি জানান, সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে জাহাজটিতে হামলা চালানো হয়। এর কয়েক ঘণ্টা আগে ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজেও ড্রোন হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্স।

জেলেনস্কি জানান, রবিবার লিবিয়ার উপকূলে হামলার আরেকটি লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার পণ্যবাহী জাহাজ ‘এমভি আঙ্গারা’। তার দাবি, জাহাজটি রাশিয়ার হয়ে অস্ত্র পরিবহনে ব্যবহৃত হতো। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘নির্ধারিত জলসীমায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুদ্ধজাহাজটির পাশাপাশি রাশিয়ার একটি কে-২৭ সামরিক হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে। তবে এসব হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জানিয়েছে, রবিবার বেনগাজির নৌঘাঁটিতে নোঙর করা অবস্থায় সন্দেহভাজন ড্রোন হামলার শিকার হয় ‘মেরকুরি’। একটি সহযোগিতা চুক্তির আওতায় রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য জাহাজটি সেখানে থেমেছিল।

গৃহযুদ্ধের পর থেকে লিবিয়া কার্যত দুই ভাগে বিভক্ত। দেশটির পশ্চিমাঞ্চল আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্য সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছেন সামরিক কমান্ডার খলিফা হাফতার। তার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

পূর্বাঞ্চলভিত্তিক সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ এ হামলার ঘটনা তদন্তে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন। তিনি অভিযোগের সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়ে বলেন, পশ্চিম লিবিয়া থেকে নৌযানগুলো পাঠানো হয়েছিল কি না, তা তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি দেশটিতে ইউক্রেনের বিশেষজ্ঞদের উপস্থিতি এবং তাদের কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হওয়ার পাশাপাশি কিয়েভের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন তিনি।

ফিনল্যান্ড উপসাগরেও রুশ জাহাজে হামলা

এর আগে শনিবার ফিনল্যান্ড উপসাগরে আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার আরেকটি পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা-২’-এ সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। রাশিয়ার প্রতিরক্ষা খাতের সরবরাহকারী প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকা জাহাজটি পরিচালনা করে।

হামলার বিষয়ে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি। তবে ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, ইউক্রেনই এ হামলা চালিয়েছে। জাহাজটির ১৬ জন নাবিককে কাছাকাছি থাকা একটি রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।

আগুন লাগার পর স্রোতের টানে ‘স্পার্টা-২’ ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে। পরে রাশিয়া, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের জাহাজগুলো মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রবিবার একটি রুশ জাহাজ সেটিকে টেনে অন্যত্র সরিয়ে নিতে শুরু করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত