সপ্তাহের ব্যবধানে হিলিতে জিরার দাম বেড়েছে কেজিতে ১২০ টাকা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে জিরার দাম বেড়েছে কেজিতে ১২০ টাকা করে। হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় পণ্য জিরার দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন তারা। এদিকে ডলারের দাম বৃদ্ধি ও ট্যাক্স বাড়ায় এবং ভারতে দাম বৃদ্ধির কারনে জিরার দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। সরবরাহ বাড়লে আবারো জিরার দাম কমে আসবে বলে দাবি তাদের।

সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি মসলার দোকানেই জিরার ভালো সরবরাহ লক্ষ্য করা গেছে। তারপরেও সরবরাহ ঘাটতির কারনে দাম ঊর্ধ্বমুখী। একসপ্তাহ আগেও প্রতি কেজি জিরা ৪৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৬২০ থেকে ৬৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

হিলি বাজারে জিরা কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বেশি আমরা গরীব মানুষ যাবো কোনদিক। জিরা এই কয়দিন আগে কিনলাম সাড়ে ৪শ টাকা থেকে ৫শ টাকা কেজি, সেই জিরা এখন ৬৩০ টাকা। কী করব কোনো জিনিস কিনে আমরা শান্তি পাচ্ছি না। আগে তো তবু ব্যবসা করতাম, সমস্যা হতোনা এখন তো বুড়া হয়ে গেছি আর ব্যবসা করতে পারি না। এখন এই পকেটের টাকা ভেঙ্গে খাচ্ছি এভাবে দাম বাড়লে কতই কুলাবো বলেন। জিনিসপত্রের দামটা কমলে ভালো হয় আমাদের জন্য। আমরা চাই সবসময় দাম কম থাকুক, বাজার নিয়ন্ত্রণে থাক এটাই তো আমরা চাই।

জিরা কিনতে আসা রিকশাচালক আব্দুস সালাম বলেন, মসলার দাম আগের চেয়ে খুব বেশি হয়ে গেছে। এতে করে আমাদের মত সাধারণ মানুষের খুব সমস্যা হচ্ছে। আগে জিরা ছিল ৫শ টাকা, সেই জিরা এখন ৬২০ টাকা হয়ে গেছে। হঠাৎ করে এভাবে দাম বাড়লে আমরা এখন কিভাবে কিনবো বলেন। প্রতিটা জিনিসের দাম বাড়ছে আমরা সাধারণ মানুষ খুবই সমস্যার ভিতর পড়ে গেছি। 

জিরা কিনতে আসা সেলিম হোসেন বলেন, এখন তো মসলার দাম বিশেষ করে জিরার দাম বেশি হয়ে গেছে। আগে ছিল সাড়ে ৪৫০ টাকা আর এখন হয়েছে ৬২০ টাকা। তাহলে আমরা গরিব দুখী মানুষ কীভাবে কিনে খাব। দাম কমলে আমাদের জন্য ভালো হয়, আমরা গরিব দুখী মানুষ খেতে পারব। এখন তো দাম বাড়ছে, আমরা তো খেতে পারতেছি না দাম কমের ব্যবস্থা করে দিক সরকার।

হিলি বাজারের মসলা বিক্রেতা আব্দুল আউয়াল বলেন, জিরা তো আমরা নভেম্বরের শুরুতেই বেচলাম প্রকারভেদে ৪৬০ থেকে ৫০০ টাকার মধ্যে। গত ১০-১৫ দিনে হঠাৎ করেই জিরার বাজার অস্থির হয়ে গেছে। এখন আমারা ৬শ টাকার উপর কিনতেছি আর ৬২০ থেকে ৬৩০ টাকা দরে বিক্রি করছি। দাম বাড়ার কারনে ক্রেতাদের সাথে টানা হেঁচড়া হচ্ছে যে কয়দিন আগে কম ছিল এখন আবার দাম বাড়তি কেন। সবচেয়ে বড় কথা, এখন মশলার একটু খরা মৌসুম মানে অফ সিজন চলছে। তার উপর আর ডলার রেট বেশি ১২৮ থেকে ১২৯ টাকা হয়ে গেছে। আবার ভারতে জিরার দাম একটু বাড়তি সেই সাথে ট্যাক্স আগের চেয়ে একটু বাড়তি হয়েছে। সব মিলিয়ে জিনিসের দাম বেশি হওয়াতে আমাদের বেচাকেনা একটু স্থবির হয়ে গেছে। যখন দাম কম ছিল তখন বেচাকেনা বেশ ভালোই হতো। এখন তো দাম শুনে মানুষ হোঁচট খেয়ে ঘুরে যাচ্ছে। বেচাকেনা মানে মোটামুটি অর্ধেক কমে গেছে আগের তুলনায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিতভাবে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত দোকানগুলোতে অভিযান পরিচালনা করছি। তারা কি দামে পণ্য কিনছে আবার কি দামে পণ্য বিক্রি করছে সেসংক্রান্ত ম্যামো যাচাই বাছাই করা হচ্ছে। কারো বিরুদ্ধে দাম বাড়তি নেওয়ার অভিযোগ পেলে আর্থিক জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত