রাঙামাটিতে অভিযানে মাদক কারবারিসহ আটক ৬

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, মাদককারবারি অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-শরিফুল ইসলাম (২৫), বিজয় ঘোষ (৩৮), মো. হাসান (৩০, জ্যাকশন চাকমা (২২), রিয়ান চাকমা (২১), মো. রমজান হোসেন (৪১। এর মধ্যে শরিফুল ইসলাম রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া কলাবাগান এলাকার বাসিন্দা। তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। অন্যদিকে মাদক কারবারির অভিযোগে আটক বিজয় ঘোষ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এবং  মো. হাসান রাঙামাটি শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা।

এ ছাড়া বেসামাল অবস্থায় জ্যাকশন চাকমা ও রিয়ান চাকমা নামের দুই যুবককে আটক করা হয়। তারা রাঙামাটি শহরের টিএন্ডটি এলাকার বাসিন্দা। অন্যদিকে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা মো. রমজান হোসেনকে । তিনি বর্তমানে রাঙামাটি শহরের ৭ নম্বর ওয়ার্ডের ফিশারী ঘাট এলাকার শান্তিনগরে বসবাস করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।




সর্বশেষ সর্বাধিক পঠিত