কোকাবুরা বলের মান নিয়ে ক্ষুব্ধ গিল লালা ব্যবহারের অনুমতি চান

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম
ওয়েলিংটন টেস্টের পঞ্চম দিনে নিউজিল্যান্ডের শেষ ৮ উইকেট তুলে নিতে না পারার হতাশায় বলের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ভারত অধিনায়ক শুভমান গিল। পাশাপাশি, করোনা মহামারির সময় থেকে চলে আসা বলে লালা (স্যালাইভা) ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি। চতুর্থ দিনে ৩৫২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেও বেসিন রিজার্ভের নিষ্প্রাণ পিচে ম্যাচটি ড্র হওয়ায় চরম হতাশা প্রকাশ করেন ভারতীয় দলপতি।

বলের মান ও লালা ব্যবহার নিয়ে গিলের ক্ষোভ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলের দ্রুত নরম হয়ে যাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন গিল। তিনি বলেন, "আমার মনে হয় বল অবশ্যই বড় ভূমিকা রাখে। আমাদের প্রথম বলটি (নিউজিল্যান্ডে ব্যবহৃত কোকাবুরা) ২৫-৩০ ওভার পরই খুব নরম হয়ে গিয়েছিল। প্রতিপক্ষ দলও এ নিয়ে অভিযোগ করেছে বলে আমার ধারণা। গত বছর ইংল্যান্ডেও আমরা একই জিনিস দেখেছি; প্রথম তিন-চার ম্যাচে ডিউক বল খুব দ্রুত নরম হয়ে যাচ্ছিল। বলের মান কমে গেছে কি না, আমি জানি না।"

পিচের সহায়তা না থাকলে নরম বলে উইকেট নেওয়া কতটা কঠিন, তা ব্যাখ্যা করে গিল বলেন, "উইকেট থেকে কোনো সাহায্য না থাকলে এবং বল নরম হয়ে গেলে বোলারদের জন্য উইকেট নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। ব্যাটের কানায় বল লাগলেও তা ফিল্ডার পর্যন্ত পৌঁছায় না। পিচে মুভমেন্ট না থাকলে কেবল এলবিডব্লিউ আর বোল্ডের ওপরই ভরসা করতে হয়।"

এ পরিস্থিতিতে বলে লালা ব্যবহারের অনুমতি ফিরিয়ে আনার জোরালো দাবি জানান তিনি: "আমি বুঝি না কেন এখনো আমাদের বলে লালা লাগিয়ে চকচকে করার অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা কোভিডের সময় অনেক আগেই পেরিয়ে এসেছি। সাত-আট বছর হয়ে গেল, তবু কেন এটি অনুমোদন দেওয়া হচ্ছে না তা আমার বোধগম্য নয়। আমি মনে করি এটিও একটি বড় ফ্যাক্টর।"

 
 
সর্বশেষ সর্বাধিক পঠিত