জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হবে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনটিতে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যা এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মীয় ও ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীর সম্ভাব্য পরিবর্তন এতে তুলে ধরা হয়েছে।
পিউ রিসার্চের ‘পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রজেক্ট’-এর অংশ হিসেবে গবেষণাটি পরিচালিত হয়েছে। বিশ্বজুড়ে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তবে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই পূর্বাভাস ভবিষ্যতে বিশ্বের সম্ভাব্য সব পরিবর্তনকে বিবেচনায় নিয়ে তৈরি করা হয়নি। আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধসহ বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার অন্য ধর্মীয় সম্প্রদায়ের নারীদের তুলনায় বেশি। এটিই মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। প্রতি মুসলিম নারীর সন্তান জন্মদানের গড় হার ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। দুই সম্প্রদায়ের মধ্যে খ্রিষ্টানদের সন্তান জন্মদানের হার দ্বিতীয় সর্বোচ্চ। সাধারণত একটি প্রজন্মের জনসংখ্যা অপরিবর্তিত রাখতে প্রতি নারীর সন্তান জন্মদানের হার প্রায় ২ দশমিক ১ হওয়া প্রয়োজন।
পিউ রিসার্চের হিসাবে, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির ফলে মুসলিম সম্প্রদায়ে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান সম্প্রদায়ের জনসংখ্যা বাড়তে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ।
গবেষণায় বলা হয়েছে, উভয় সম্প্রদায়ের জনসংখ্যা বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়বে। তবে মুসলিমদের বৃদ্ধির গতি তুলনামূলক বেশি থাকবে।
ধর্মান্তর ও ধর্মত্যাগের হিসাবেও দুই সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ইসলাম গ্রহণকারীর সংখ্যা থেকে ইসলাম ত্যাগকারীর সংখ্যা বাদ দিলে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যায় প্রায় ৮০ লাখের নিট ঘাটতি হতে পারে। খ্রিষ্টানদের ক্ষেত্রে এ ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখে।
খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের একটি অংশ পরবর্তী সময়ে নিজেকে নাস্তিক, অজ্ঞেয়বাদী কিংবা কোনো ধর্মের অনুসারী নন বলে পরিচয় দিতে পারেন। তবে ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যে ধর্মান্তরের ফলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা খুব বেশি নয় বলে জানিয়েছে পিউ রিসার্চ।
দেশভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। ২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ছিলেন। ২০৭০ সালের মধ্যে এসব দেশে আরও প্রায় ১২০ কোটি মুসলিম বসবাস করতে পারেন। বিশ্বে মুসলিম জনসংখ্যার মোট সম্ভাব্য বৃদ্ধির ৭৪ শতাংশ হবে এসব দেশে।
জনসংখ্যা বৃদ্ধির ফলে পাকিস্তান বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে। পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, দেশটির মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর মধ্য দিয়ে বর্তমানে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে পাকিস্তান।
এদিকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ২০৭০ সালের মধ্যে মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিম জনসংখ্যা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাসও দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।
অন্যদিকে খ্রিষ্টান জনসংখ্যার বৃদ্ধিও প্রধানত সেই দেশগুলোতে কেন্দ্রীভূত থাকবে, যেখানে বর্তমানে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠ। এমন ১২০টি দেশে ২০৭০ সাল পর্যন্ত খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে। বিশ্বজুড়ে খ্রিষ্টান জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৯২ শতাংশই ঘটবে এসব দেশে।
সব মিলিয়ে, পিউ রিসার্চের পূর্বাভাসে বিশ্বে মুসলিম ও খ্রিষ্টান উভয় সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির চিত্র উঠে এসেছে। তবে জন্মহার ও জনসংখ্যার স্বাভাবিক পরিবর্তনের কারণে মুসলিমদের সংখ্যা তুলনামূলক দ্রুত বাড়তে পারে। এ ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র : আল-জাজিরা
২৬ চিত্রে কাবার গিলাফ পরিবর্তন