মুন্সীগঞ্জের সিরাজদীখানে খড়ের স্তূপ থেকে উদ্ধার হওয়া মো. আলমগীরের (৩৯) মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাত্র এক ভরি স্বর্ণালংকার নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীর পরিকল্পনায় এক লাখ টাকায় ভাড়াটে খুনিদের দিয়ে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহতের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫), তার স্ত্রী রিনা বেগম (২৪) এবং ভাড়াটে দুই খুনি সাদ্দাম হোসেন (৩৩) ও শফিকুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে পিবিআই। একই দিন গ্রেপ্তার হওয়া সাদ্দাম ও শফিকুল মুন্সীগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় মুন্সীগঞ্জ পিবিআই।
পিবিআই জানায়, বড় ভাই আলমগীর তার ছোট ভাই জাহাঙ্গীর ও তার স্ত্রী রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালংকার জমা রেখেছিলেন। আলমগীরকে না জানিয়ে তারা ওই স্বর্ণালংকার মহাজনের কাছে বন্ধক রেখে আট হাজার টাকা নেন। এ নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় সালিসে স্বর্ণালংকার ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তা ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন জাহাঙ্গীর ও রিনা। এ জন্য তারা সাদ্দামকে এক লাখ টাকায় হত্যার চুক্তি করেন।
পরিকল্পনা অনুযায়ী, গত ১১ নভেম্বর সাদ্দাম ও শফিকুল বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে সদর উপজেলার বিনোদপুর এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে অটোরিকশায় করে তাকে সিরাজদীখান উপজেলার কালিনগর গ্রামে নেওয়া হয়। সেখানে মারধরের পর ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যান তারা।
পিবিআই আরও জানায়, বাড়ি থেকে বের হওয়ার পর আলমগীর নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের ছয় দিন পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের পরিবানু কিন্ডারগার্টেনসংলগ্ন সড়কের পাশের খড়ের স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পরদিন বুধবার নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে সিরাজদীখান থানায় হত্যা মামলা করেন। বৃহস্পতিবার মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই। পরে ওই দিনই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
নিহত আলমগীর সদর উপজেলার বিনোদপুর এলাকার আহম্মদের ছেলে।