২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ এএম

চলতি ২০২৬-২৭ অর্থবছরের নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৯ হাজার কোটি টাকার বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় ১০ দশমিক ৪ শতাংশ বেশি। শুধু ২২ নভেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৯০ লাখ ডলার। এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২২ কোটি ২০ লাখ ডলার, যা শতকরা হিসাবে ১০ দশমিক ৪ শতাংশ। এর আগে গত অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিনিময় হারের স্থিতিশীলতা, ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং সরকারের প্রণোদনা প্রবাসী আয় বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি অবৈধ হুন্ডি চ্যানেলের পরিবর্তে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এ ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত