এসএমই পণ্য মেলায় বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার মূল্য পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে সিটি ব্যাংক। এছাড়া ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ওয়ান ব্যাংক, এনআরবিসি ব্যাংকসহ কয়কটি ব্যাংক তাদের নিজ বাংলা কিউআর কোডে মেলা উপলক্ষ্যে ছাড় রেখেছে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত রোববার (২২ নভেম্বর) শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এবারের মেলার প্রতিপাদ্য ‘এসএমই সমৃদ্ধিতে, অর্থনীতির প্রবৃদ্ধি’। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা মূল্যে প্রবেশ করা যাবে। সিটি ব্যাংকের স্টলে থাকা কর্মকর্তারা জানান, ক্রেতাদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করার পাশাপাশি মেলায় অংশ নেওয়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য বিক্রিতে নতুন মাত্রা যোগ করতে এই ক্যাশব্যাক সুবিধা রাখা হয়েছে।