পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি ইকুইটি মূলধন সংগ্রহের লক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) উদ্যোগ নিয়েছে আনোয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেহমুদ ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড। এ প্রক্রিয়া এগিয়ে নিতে আইপিওর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর মতিঝিলে আনোয়ার গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর এবং মেহমুদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হোসেন মেহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া সাপেক্ষে মেহমুদ ইন্ডাস্ট্রিজের আইপিও কার্যক্রমে ইস্যু ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রয়োজনীয় সেবা প্রদান করবে ইউসিবি ইনভেস্টমেন্ট। এ গণপ্রস্তাবের মাধ্যমে সংগৃহীত অর্থ প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি মূলধনের চাহিদা পূরণের পাশাপাশি ব্যবসার সম্প্রসারণ ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত মেহমুদ ইন্ডাস্ট্রিজ আনোয়ার গ্রুপের টেক্সটাইল বিভাগের একটি প্রতিষ্ঠান। রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য সুতা উৎপাদন করে কোম্পানিটি।