বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ এএম

মুঠোফোনের আসক্তি আর মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফেরানোর প্রত্যয় নিয়ে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট’। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এ আয়োজনে ছেলেদের পাশাপাশি সমানতালে লড়বে মেয়েরাও; ১০টি করে মোট ২০টি দল চারটি মাঠে শিরোপার লড়াইয়ে নামবে।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে গতকাল সোমবার রাতে জমকালো আয়োজনে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। দেশের ফুটবল ও ক্রিকেটের শীর্ষ অভিভাবক এবং নীতিনির্ধারকদের একমঞ্চে উপস্থিতি অনুষ্ঠানটিকে ভিন্নমাত্রা দেয়।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বিসিবি সভাপতি তামিম ইকবালের উপস্থিতি আয়োজনে বাড়তি উন্মাদনা যোগ করে। তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণ এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, ‘যুবসমাজকে সুস্থভাবে গড়ে তুলতে বর্তমান সরকার চেষ্টা করছে। মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলার বিকল্প নেই। এ আয়োজন সেই প্রচেষ্টাকে এগিয়ে নেবে।’

টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ছাইদ হাছান কানন বলেন, ‘যুবসমাজকে সঠিক পথে রাখতে এবং মোবাইল গেম ও মাদক থেকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এ আয়োজন ভূমিকা রাখবে। শিশুদের জন্য খেলার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।’ অতীতে এ আসর থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসার কথা স্মরণ করে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ডিএনসিসি কাপের মাধ্যমে অতীতে অনেক ফুটবলার উঠে এসেছেন। আশা করি, ভবিষ্যতেও আসবেন। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে বিসিবি সভাপতি তামিম ইকবাল আয়োজনটির প্রশংসা করে বলেন, ‘এটা দারুণ একটা আয়োজন। তবে শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ অন্যান্য খেলাতেও আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করা সম্ভব হবে। আশা করি, টুর্নামেন্টটি ভালো হবে।’

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের ক্রীড়াপ্রেমীদের জন্যও সুখবর দেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ‘দক্ষিণ সিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আশা করি, ফুটবল আবার প্রাণের খেলা হয়ে উঠবে। দক্ষিণ সিটিতেও মেয়র কাপ শুরু করব।’

এবারের আসরে ছেলেদের বিভাগে লড়বে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস এফসি, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ী রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্সসহ ১০টি দল।

অন্যদিকে মেয়েদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস এফসি, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ী ভ্যালকিরাইজ, দক্ষিণখান ডেশার্স, উত্তরখান টাইগ্রেস, ভাটারা ভার্টেক্স ও বাড্ডা লাইটনিংসহ ১০টি দল।

সর্বশেষ সর্বাধিক পঠিত