ফিরতে ‘উদগ্রীব’ নাহিদ রানা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ এএম

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে থাকতে পারেননি। গতকাল ঘোষণা করা ওয়ানডে দলেও নাম নেই নাহিদ রানার। এ সিরিজে অংশ নিতে আজ দুপুরে ঢাকা ছাড়ার কথা রিশাদ হোসেন ও তানভীর ইসলামের। গতকাল মিরপুরে ড্রেসিংরুমের সামনে বসে যখন আড্ডা দিচ্ছিলেন এ দুই স্পিনার, তখন নেটে ফেরার লড়াইয়ে ঘাম ঝরাতে দেখা গেল নাহিদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ নাজমুল হোসেনের অধীনে পুনর্বাসনের অংশ হিসেবে অনুশীলন করছেন এ ডানহাতি গতি তারকা। আরও বেশি ক্ষুরধার হয়ে মাঠে নামার জন্য ‘উদগ্রীব’ হয়ে আছেন তিনি।

গতকাল ৪ ওভার এবং ৩ ওভারে দুটি স্পেলে বল করেন নাহিদ। সেখানে তাকে দেখা নাজমুল দাবি করেন, “রানা খুব ভালো অবস্থায় আছে। আজ ৭ ওভার বল করেছে, একই ধাপে একই ছন্দে বোলিং করতে পারছে। আমরা অবশ্যই রানাকে সাহায্য করছি, কিন্তু সে ফেরার জন্য সব থেকে বেশি উদগ্রীব। খেলায় ফিরতে ওর যে ক্ষুধা বা ইচ্ছা, এটি দেখে আমি সত্যিই মুগ্ধ ওর প্রতি। সেই নিজেই আমাকে বলে, ‘ভাই, আজকে এটা করব, আজকে আমাকে এই জিনিসটা করালে একটু ভালো হবে।’ ওর নিবেদনে মুগ্ধ না হয়ে থাকা যায় না।”

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ। ওই সফরে ২টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার পর ছিটকে যান তিনি। পরীক্ষায় ধরা পড়ে গ্রেড-টু সাইড স্ট্রেইন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেও খেলা হয়নি তার। দক্ষিণ আফ্রিকায় সফরের টেস্ট ও ওয়ানডে দলেও ফিরতে পারলেন না।

প্রথম চোট কাটিয়ে আগস্টের শেষ দিকে ছোট রানআপে বোলিং শুরু করেছিলেন নাহিদ। পরিকল্পনা ছিল, আমিরাতের ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফেরার। কিন্তু এরই মধ্যে নিতম্বে ব্যথা অনুভব করেন তিনি। ঢাকায় পরীক্ষায় গুরুতর কিছু না মিললেও বিস্তারিত পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শ নিতে আবারও অস্ট্রেলিয়ায় যেতে হয় তাকে। সেখানে পুরনো শিনবোনের চোটের পাশাপাশি নতুন করে ধরা পড়ে ল্যাব্রাম টিয়ার। এতে দীর্ঘ হয় পুনর্বাসন প্রক্রিয়া। অস্ট্রেলিয়ার কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন শেষ করে পিটার দি আলেসান্দান্দ্রোর তত্ত্বাবধানে আলাদা ফিজিও ও ট্রেনারের সহায়তায় পুনর্বাসন প্রক্রিয়া চালান। সেখান থেকে দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম নিয়ে এখন মিরপুরে প্রস্তুত হচ্ছেন তিনি।

দীর্ঘদিনের এই চোটের কারণে নাহিদের বোলিং ছন্দে বা গতিতে কোনো প্রভাব পড়েনি বলেই মনে করেন নাজমুল। বরং আগের থেকে বেশি ক্ষুরধার হয়েছে বলে দাবি সাবেক এ পেসারের, ‘মিটার দিয়ে তো আর ওর বলে গতি মাপা হয়নি। তবে একজন বোলার দেখলে তো বোঝা যায়, এখন সে যে অবস্থায় আছে, আমার কাছে মনে হয় না গতির বিষয়ে কোনো প্রভাব পড়বে। বরং এটা বলতে পারি আগের থেকে আরও ভালো অবস্থানে আছে।’

নাহিদের পাশাপাশি চোটে ভুগছেন বাংলাদেশের আরও কয়েকজন পেসার। মুশফিক হাসান, আশিকুর জামান, রহনত দৌলা বর্ষণ, রবিউল ইসলাম ও আব্দুল গাফফার সাকলাইনও নাজমুলের অধীনে পুনবাসন প্রক্রিয়া চালাচ্ছেন। তাদের নিয়ে আশাবাদী নাজমুল। এই ক্রিকেটাররা আগামী ডিসেম্বরের ডি-থ্রি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরবেন বলে মনে করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত