পেশাদার লিগে আসার পর আজই প্রথম জাতীয় স্টেডিয়ামে অভিষেক হচ্ছে ফর্টিজ এফসির। কারণ ৬২ মাস পর দেশের প্রথম আন্তর্জাতিক এই স্টেডিয়ামে ফের গড়াতে যাচ্ছে ঘরোয়া আসর। আর এই সময়ের মধ্যেই পেশাদার লিগে খেলা শুরু করেছে ফর্টিজ। সে হিসাবে দেশের অন্যতম সেরা ভেন্যুতে ফেডারেশন কাপের মাধ্যমে তাদের অভিষেক ঘটতে যাচ্ছে। সেই সঙ্গে অভিষেক হচ্ছে এই ক্লাবের আরও কয়েকজন ফুটবলারেরও। এমন তথ্যই জানালেন ফর্টিজ এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম, ‘জাতীয় স্টেডিয়ামে এতদিন ঘরোয়া খেলা বন্ধ ছিল যে, ফর্টিজ খেলতেই পারেনি। অনেক দল আগেই খেলেছে। তাই এই স্টেডিয়ামে আমাদের অভিষেক হচ্ছে।’ তিনি যোগ করেন, ‘শুধু ক্লাবেরই নয়, রাসেলসহ অনেক ফুটবলারের অভিষেক হবে এই মাঠে।’
আন্তর্জাতিক টুর্নামেন্ট শেষে ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে নতুন করে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সর্বশেষ ঘরোয়া ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। এরপর দীর্ঘমেয়াদি সংস্কারকাজের কারণে বন্ধ হয়ে যায় এই ভেন্যুতে ঘরোয়া ফুটবলের আয়োজন। সময়ের হিসাবে পেরিয়ে গেছে ৬২ মাস। যদিও ২০২৫ সালে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছিল, তবে ঘরোয়া ফুটবলের অপেক্ষা শেষ হয়নি তখনো।
আজ ফেডারেশন কাপের ১৩তম ম্যাচে জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ফর্টিস এফসি লিমিটেড ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। দীর্ঘ বিরতির পর ঘরোয়া ফুটবলের এই প্রত্যাবর্তনকে দেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ২৪ নভেম্বর দিনের অন্য ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে। সেখানে মাঠে নামবে আবাহনী লিমিটেড ঢাকা ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। মানিকগঞ্জে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম সিটি এফসি ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।
এদিকে বাংলাদেশ ফুটবল লিগে আর খেলতে চান না ফর্টিজ এফসির জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসা। আরও উন্নত প্রতিযোগিতায় খেলার লক্ষ্য নিয়ে এবার থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার লিগে পাড়ি জমাতে চান তিনি। তাই ডিসেম্বর থেকে ক্লাব ছাড়ার আগ্রহ জানিয়ে ইতোমধ্যে ফর্টিজ এফসির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন এ ফরোয়ার্ড। শুকির আবেদন দুই দিন আগেই পেয়েছে ফর্টিজ কর্র্তৃপক্ষ। বিষয়টি পর্যালোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে ক্লাব। তবে তার ভবিষ্যতের কথা বিবেচনা করে ইতিবাচক অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে তারা। ফর্টিজ এফসির ক্লাব ম্যানেজার রাশেদুল ইসলাম বলেছেন, ‘শুকি আরও উন্নত লিগে খেলতে চেয়ে অব্যাহতি চেয়েছে। আমরা খেলোয়াড়ের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে তা মেনে নিচ্ছি। ডিসেম্বর থেকে তার সঙ্গে চুক্তি ছিন্ন হতে পারে।’