প্রতিযোগিতায় অংশ নিতে ভারতে যাচ্ছেন বাংলাদেশের ৩৬ অ্যাথলেট। অথচ খেলোয়াড়দের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন আরও ২০ কর্মকর্তা, কোচ ও পর্যবেক্ষক। অর্থাৎ মোট ৫৬ সদস্যের বাংলাদেশ দলে খেলোয়াড়ের তুলনায় কর্মকর্তা-কোচ ও পর্যবেক্ষকের সংখ্যা অর্ধেকেরও বেশি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে এমন বিশাল বহর পাঠানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে ক্রীড়াঙ্গনে।
আগামী ২৫ থেকে ২৮ নভেম্বর ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট’। এতে স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, ভারত,
থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মিয়ানমারের অ্যাথলেটরা অংশ নেবেন। এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ঘোষণা করেছে ৩৬ সদস্যের অ্যাথলেট দল। তাদের সঙ্গে যাচ্ছেন আটজন কোচ, সাতজন অফিসিয়াল এবং পাঁচজন পর্যবেক্ষক। অর্থাৎ প্রতি দুজন অ্যাথলেটের বিপরীতে রয়েছেন একজনের বেশি কর্মকর্তা, কোচ কিংবা পর্যবেক্ষক। বিশেষ করে পাঁচজন পর্যবেক্ষক পাঠানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা বেশি। তাদের দায়িত্ব কী, আন্তর্জাতিক এই সফরে তাদের পর্যবেক্ষণের পরিধিই বা কতটুকু এসব প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা নেই। যেখানে খেলোয়াড়দের পারফরম্যান্স ও প্রস্তুতিই হওয়ার কথা সফরের মূল লক্ষ্য, সেখানে কর্মকর্তাদের এমন বড় বহর নতুন করে বিতর্ক তৈরি করেছে। অবশ্য সফরের ব্যয় নিয়ে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশকে কোনো অর্থ খরচ করতে হচ্ছে না। যাতায়াত, থাকা-খাওয়াসহ সব ব্যয় বহন করবে আয়োজক দেশ।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমাদের কোনো খরচ লাগছে না। যাতায়াত, থাকা-খাওয়াসহ সব খরচ দেবে আয়োজকরা। তাই আমরা অ্যাথলেটদের সঙ্গে প্রয়োজনীয় কোচ, অফিসিয়াল ও পর্যবেক্ষক পাঠাচ্ছি। তবে এখন (সোমবার সন্ধ্যা) পর্যন্ত সবার ভিসা হয়নি। যতটুকু জানি, হয়ে যাবে।’
এই প্রতিযোগিতাকে আগামী দক্ষিণ এশীয় গেমসের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। তার আশা, ‘এখানে দক্ষিণ এশিয়ার বাইরের দেশ মিয়ানমার ও থাইল্যান্ডও অংশগ্রহণ করবে। আমাদের এই দলের ৮০ ভাগ খেলোয়াড় আশা করি এসএ গেমসের দলে থাকবেন।’ নিঃসন্দেহে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ তরুণ অ্যাথলেটদের অভিজ্ঞতা অর্জন ও নিজেদের সক্ষমতা যাচাইয়ের বড় সুযোগ। বিশেষ করে এসএ গেমসের প্রস্তুতিতে এই আসর ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে আয়োজকরা সব ব্যয় বহন করলেও ৩৬ অ্যাথলেটের বিপরীতে ২০ জন কর্মকর্তা, কোচ ও পর্যবেক্ষক পাঠানোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ক্রীড়াঙ্গনের প্রত্যাশা, আন্তর্জাতিক সফরে খেলোয়াড়দের স্বার্থ ও প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহরের আকার নির্ধারণ করা হবে। কারণ, সফরের সাফল্য শেষ পর্যন্ত কর্মকর্তার সংখ্যায় নয়, অ্যাথলেটদের পারফরম্যান্সেই বিবেচিত হবে।
বাংলাদেশ দল
অ্যাথলেট : দেলোয়ার হোসেন সাঈদী, জুবাইল ইসলাম, শান্ত কর্মকার, হাফিজুর রহমান, আবু নাঈম মিয়া, চয়ন কুমার বিশ্বাস, রিফাত শেখ, সিয়াম ইসলাম, মিনহাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, জামিল আহমেদ, মনিরুল মোল্লা, তামিম হোসেন, আলী আকবর, সৈয়দ মুশফিক হোসেন, ফরহাদ হাসান টিটুন, মোশাররফ হোসেন, সামি ইসলাম সানি, মুন্সী ইমরান উল্লাহ তানভীর, হাসিব খান, সুমাইয়া দেওয়ান, রেখা আক্তার, নুসরাত জাহান রানা, উম্মে সুলতানা পপি, সাবিনা আক্তার রুবি, তাসমিয়া হোসেন, সুমাইয়া আক্তার, লাবায়া খাতুন, সুমাইয়া জামান, প্রিয়া আক্তার, রিংকি বিশ্বাস, স্বপ্না খাতুন, পূর্ণা চাকমা, মুন্নী কর্মকার, জাকিয়া সুলতানা ও মিনু খাতুন।
কোচ : মাহবুবা বেলি, আজহারুল ইসলাম, ইমরান ভূঁইয়া, মোহাম্মদ মেহেদী হাসান, ওয়াহাব খান, ফৌজিয়া হুদা, আল আমিন ও হাফিজুর রহমান।
অফিসিয়াল : এ.কে.এম. আলী ইমাম তপন, তৌফিকা রশিদ, মাহবুবুল আলম, শর্মিষ্ঠা রায়, নাসিরুল হক, মো. তালহা ও মেহেদী হাসান।
পর্যবেক্ষক : আমিরুল ইসলাম, শামসুদ্দোহা ভূঁইয়া, আফজাল হোসেন, মোহাম্মদ হান্নান ও মাসুদুর রহমান।