বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় সংকটে পড়েছে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানা। কমেছে উৎপাদন সক্ষমতার ব্যবহার, নতুন কর্মী নিয়োগ এবং মূলধনি যন্ত্রপাতি কেনায় বিনিয়োগ। ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাপ্রতি যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। একই সময়ে প্রকৃত শিল্প উৎপাদন কমেছে ০.৪ শতাংশ।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে এসব তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ সূচকের প্রথম পর্যায়ের জরিপের ফল প্রকাশ করা হয়। এতে দেশের ১৪টি শিল্প খাতের ১৩০টি কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপে অন্তর্ভুক্ত খাতগুলো দেশের মাঝারি ও বড় শিল্পের মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে।
জরিপের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে প্রকৃত শিল্প উৎপাদন ০.৪ শতাংশ কমেছে। তবে সব কারখানায় উৎপাদনের পরিস্থিতি এক রকম ছিল না। তুলনাযোগ্য উৎপাদন তথ্য পাওয়া ১০১টি কারখানার মধ্যে ৪০টির উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে, ৩০টি কারখানায় উৎপাদন ৫ শতাংশের বেশি কমেছে।
খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বস্ত্রশিল্প। এ খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ। বিপরীতে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।
কমেছে উৎপাদন সক্ষমতার ব্যবহারও। ২০২৫ সালে কারখানাগুলো গড়ে তাদের সক্ষমতার ৬৭ শতাংশ ব্যবহার করলেও ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে তা নেমে এসেছে ৬৬ শতাংশে। সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করেছে এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে। বস্ত্র খাতে সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমেছে।
শিল্প উৎপাদনে বড় বাধা হয়ে উঠেছে জ্বালানি সংকট। জরিপে অংশ নেওয়া কারখানাগুলোতে দৈনিক বিদ্যুৎ বিভ্রাটের সময় বেড়ে ৪ দশমিক ১ ঘণ্টায় দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের তুলনায় দ্বিগুণ। অন্যদিকে, পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহে বিঘ্নের সময় ০.৯ ঘণ্টা থেকে বেড়ে ৩.২ ঘণ্টা হয়েছে।
বিদ্যুৎ সরবরাহের মান নিয়ে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে দাঁড়িয়েছে। গ্যাস সরবরাহের ক্ষেত্রে এ হার ৭০ শতাংশ থেকে নেমে এসেছে ১৭ শতাংশে।
জরিপে ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে ব্যবসার সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেছে। ৯৩ শতাংশ কারখানা এটিকে প্রধান তিনটি সমস্যার একটি বলে চিহ্নিত করেছে। এ ছাড়া ৩৭ শতাংশ কারখানা কাঁচামাল সংগ্রহ ও অর্থায়নের ব্যয়কে প্রধান তিনটি বাধার মধ্যে রেখেছে। কাঁচামালের দাম বেড়েছে বলে জানিয়েছে ৯৪ শতাংশ কারখানা।
এদিকে, জ্বালানি ও পরিবহন ব্যয়ও বেড়েছে। কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩১৬ লাখ টাকা থেকে ৩৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে। পরিবহন ব্যয় বেড়েছে ১০ শতাংশ।
তবে বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের পতন দেখা গেছে। ২০২৫ সালের গড় ত্রৈমাসিকে কারখানাপ্রতি মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয় ছিল ১ কোটি ৭৬ লাখ টাকা। ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে তা কমে মাত্র ১১ লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ এ ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। ওষুধ ও রাসায়নিক খাত ছাড়া অন্য সব শিল্প খাতেই যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে।
কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপে অন্তর্ভুক্ত ১৩০টি কারখানায় মোট কর্মীর সংখ্যা ১ শতাংশ কমে ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ হয়েছে। পাশাপাশি কারখানাপ্রতি নতুন কর্মী নিয়োগ ১৯ শতাংশ কমে প্রতি ত্রৈমাসিকে ৩৯ জন থেকে ৩২ জনে নেমেছে।
২০২৭ সালে এসব কারখানায় ৭ হাজার ৬৯১ জন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালে নিয়োগ দেওয়া হয়েছিল ১২ হাজার ৩৭৯ জনকে।
ব্যবসার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ রয়েছে শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে। জরিপে ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের মুনাফা কমেছে। জাতীয় ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের সূচক দাঁড়িয়েছে ৩৪ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক ৩৬। তবে আগামী জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উৎপাদন কিছুটা বাড়তে পারে বলে আশা করছে কারখানাগুলো। এ ক্ষেত্রে প্রত্যাশা সূচক দাঁড়িয়েছে ৫৪।
জরিপে উৎপাদন ও ব্যয়ের তুলনা করা হয়েছে ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের সঙ্গে, আগের বছরের একই সময়ের সঙ্গে নয়। জরিপকারীদের মতে, ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দুটি ঈদ থাকায় ওই সময়ে উৎপাদন তুলনামূলক কম ছিল। ফলে একই সময়ের সঙ্গে তুলনা করা হলে প্রবৃদ্ধির চিত্র ভিন্ন হতে পারে।