বৃহস্পতিবার শুরু প্রাণিসম্পদ সপ্তাহ, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারা দেশে এ সপ্তাহ উদ্‌যাপন করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, র‍্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা ও প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।

তিনি বলেন, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আট ক্যাটাগরিতে ২৩টি পদক দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন।

মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান দিন দিন বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। বর্তমানে প্রাণিসম্পদ খাতের জিডিপির আকার ৯৪ হাজার ৯ কোটি টাকা।

তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। এসব উৎপাদন দেশের প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনেও প্রাণিসম্পদ খাত উল্লেখযোগ্য অবদান রাখছে। এসব অর্জন ও সম্ভাবনা কৃষিভিত্তিক অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত