দেশে ক্রমবর্ধমান ডায়াবেটিস পরিস্থিতি মোকাবিলায় পূর্ণাঙ্গ ও বিজ্ঞানভিত্তিক জাতীয় জরিপ এবং কার্যকর স্ক্রিনিং কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে উপজেলা পর্যায়ের অসংক্রামক ব্যাধি (এনসিডি) কর্নারগুলো শক্তিশালী করতে ওষুধের বরাদ্দ বর্তমানের ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ থেকে ৫ হাজার কোটি টাকা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্যবিষয়ক মাল্টিমিডিয়া ধারা নিউজ আয়োজিত ডায়াবেটিসবিষয়ক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ধারা-ফিটব্যাক রিসেট গোলটেবিল’ শীর্ষক এ আলোচনার প্রতিপাদ্য ছিল ‘ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ২ কোটি ৬১ লাখে দাঁড়াতে পারে। উদ্বেগের বিষয়, আক্রান্তদের প্রায় ৪০ শতাংশই জানেন না যে তারা ডায়াবেটিসে ভুগছেন। ফলে প্রকৃত রোগীর সংখ্যা ৩ কোটির কাছাকাছি হতে পারে। এ ছাড়া আক্রান্তদের মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। বাকি ৮০ শতাংশের রোগ নিয়ন্ত্রণের বাইরে অথবা তাঁরা চিকিৎসার আওতায় নেই।
ড. এম এ মুহিত আরও বলেন, দেশে প্রতিবছর ডায়াবেটিসের কারণে প্রায় ৩১ হাজার মানুষ অকালে মারা যান। ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মোট মৃত্যুর ৫ শতাংশের জন্য দায়ী এ রোগ। অথচ ডায়াবেটিসের প্রকৃত পরিস্থিতি এবং এর কারণে সৃষ্ট অন্ধত্ব, কিডনি ও স্নায়ুর জটিলতা নিয়ে দেশে কোনো সুনির্দিষ্ট জাতীয় জরিপ নেই। তাই বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে জাতীয় জরিপের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সে অনুযায়ী নীতিনির্ধারণ করা জরুরি।
সরকারের স্বাস্থ্য খাতের পরিকল্পনা তুলে ধরে আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা থেকে বেরিয়ে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিতে চায় সরকার। এ লক্ষ্যে খাদ্য ও কৃষি, শিল্প, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে পরিচ্ছন্নতা বজায় রাখা, শিশুদের জন্য খেলার মাঠ তৈরি এবং সুস্থ জীবনধারায় উৎসাহ দিচ্ছেন। শিশুদের পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।
আগামী দিনের কর্মপরিকল্পনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ২০ থেকে ২৫টি নির্বাচিত উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়। এসব উপজেলায় এনসিডি কর্নার শক্তিশালী করার পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা এবং নারীস্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া দেশের অন্তত চারটি বিভাগীয় শহরে নারীদের ক্যানসার, ডায়াবেটিস ও কিডনি রোগের সমন্বিত চিকিৎসার জন্য বিশেষায়িত ‘উইমেনস হেলথ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।
ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের উপপরিচালক ডা. নাভিদ আহমেদ, ফিটব্যাক রিসেটের প্রধান পুষ্টিবিদ ফাহমিদা হাশেম এবং দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।
অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী