বগুড়ায় প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধ করে হত্যা, স্বর্ণালংকার লুট

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

বগুড়ার মোকামতলা উপজেলায় ঘরে ঢুকে আমিজা খাতুন (৪৬) নামের এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ ঘরের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করে মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

নিহত আমিজা খাতুন মোকামতলার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। তার কোনো সন্তান নেই। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির পাশের এমএইচ উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান চালাতেন তিনি।

স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার টিনের ঘরের পশ্চিম পাশের বেড়া কেটে ভেতরে ঢোকে। মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলেও আমিজা দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তারা। পরে ঘরের পশ্চিম পাশের বেড়া কাটা নজরে এলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন প্রতিবেশীরা। এ সময় বিছানার ওপর আমিজার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তার মুখে কাথা ও বালিশ চাপা দেওয়া ছিল। পরে খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমাস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমিজার নাক ও কান থেকে গয়না খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে তার মুখে বালিশ ও কাথা চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, নিহতের গলায় কালো দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত