আত্মঘাতী গোলে মৌসুমের প্রথম হার বায়ার্নের 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম

চোটের মিছিল আর মাঠের বাইরের অস্থিরতা যেন একসঙ্গে এসে আছড়ে পড়ল বায়ার্ন মিউনিখের ডেরায়। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একমাত্র অপরাজিত দল হিসেবে মৌসুম শুরু করা জার্মান জায়ান্টরা অবশেষে হারের তেতো স্বাদ পেল ফরাসি ক্লাব লিলের মাঠে। 

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতের ম্যাচে এগিয়ে গিয়েও আলেকসান্দার পাভলোভিচের এক হাস্যকর আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে হেরেছে ভিনসেন্ট কোম্পানির দল। আসরের তলানির দিকের দল লিলের এটি প্রথম জয় হলেও এই হারে লিগ পর্বের টেবিলে ১৫তম স্থানে নেমে গিয়ে সরাসরি শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেল বায়ার্ন।

হ্যারি কেইন, মাইকেল ওলিসে ও নিয়মিত গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে চোটের কারণে বাইরে রেখে একাদশ সাজাতে বাধ্য হন কোচ কোম্পানি। আক্রমণভাগে একমাত্র স্বীকৃত ফরোয়ার্ড হিসেবে নামেন ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল। তবুও ম্যাচের ১৫তম মিনিটে টম বিশফের কর্নার থেকে দূরের পোস্টে লাফিয়ে উঠে দারুণ হেডে বায়ার্নকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার দায়োত উপামেকানো। 

বিরতির পরপরই জশুয়া কিমিখের আত্মঘাতী গোলে সমতায় ফেরার উল্লাসে মেতেছিল লিল, কিন্তু ভিএআর যাচাইয়ে আয়াসে উয়েদার ফাউল ধরা পড়ায় বেঁচে যায় বায়ার্ন। তবে ৬২তম মিনিটে নাথান এনগয়ের পাস ধরে নিচু শটে জাল খুঁজে নিয়ে লিলকে ঠিকই সমতায় ফেরান জাপানি ফরোয়ার্ড উয়েদা। এর তিন মিনিট পরই ঘটে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত, পাল্টা আক্রমণে ইথান এমবাপ্পের নেওয়া শট গোলরক্ষক ইয়োনাস উরবিগকে ফাঁকি দিয়ে পোস্টে লাগার পর বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন পাভলোভিচ।

এক মাসের স্নায়বিক অসুস্থতা কাটিয়ে এই সপ্তাহেই ডাগআউটে ফেরা কোচ ভিনসেন্ট কোম্পানি দ্বিতীয় গোল হজমের ধরনে হতাশা প্রকাশ করলেও কঠিন সময়ে দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যম ‘ডিএজেডএন’-কে কোম্পানি বলেন, ‘অভিজ্ঞতা থেকেই আমি এই মুহূর্তগুলোর সঙ্গে পরিচিত। আমি জানি বিষয়টি কেমন লাগে। এখন আমাদের নিজেদের মুহূর্ত তৈরি করতে লড়াই করতে হবে। আমাদের একসঙ্গে থাকতে হবে, লড়াই করতে হবে এবং এমনকি এই সংগ্রামটাকে উপভোগ করাও শিখতে হবে, এসবই খেলার অংশ। কোনো অজুহাত নেই। এটাই আমাদের সামনের বাস্তবতা এবং আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে।’ 

মাঠের এই হারের চেয়েও বায়ার্নকে বেশি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে ২৩ বছর বয়সী তারকা জামাল মুসিয়ালাকে ঘিরে ক্লাব কর্তাদের সাম্প্রতিক অবস্থান। গতকালইব টানা ৩৪তম বছরের মতো মুনাফা (২ কোটি ২৮ লাখ ইউরো নিট লাভ) দেখিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বায়ার্ন; অথচ ঠিক এর আগের সপ্তাহেই স্নায়বিক সমস্যা (অ্যাবসেন্স সিজার) ও চোট কাটিয়ে ফেরা মুসিয়ালার বার্ষিক প্রায় ২ কোটি ৫০ লাখ ইউরোর চুক্তি পুনর্বিবেচনা ও বেতন কমানোর ইঙ্গিত দিয়ে সমালোচনার জন্ম দেন সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেস, সিইও ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন ও বোর্ড সদস্য কার্ল-হাইনৎস রুমেনিগে। 

ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের তোপের মুখে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ‘ফিফপ্রো’-ও এক কড়া বিবৃতিতে বায়ার্নের সমালোচনা করে জানিয়েছে, বায়ার্নের মতো মর্যাদাপূর্ণ ক্লাবের আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং মুসিয়ালার স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্য বিতর্ক তৈরি করা তাঁর সুস্থতার পথে বাড়তি মানসিক চাপ সৃষ্টি করছে।

লিলের বিপক্ষে শেষ ১৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামলেও দলকে সমতায় ফেরাতে পারেননি মুসিয়ালা; এক মাসের বেশি সময় পর মাঠে ফেরা লুইস দিয়াজও পারেননি ব্যবধান গড়তে। চ্যাম্পিয়নস লিগে প্রথমবার পিছিয়ে পড়ে জয় তুলে নেওয়া লিল নকআউট প্লে-অফের স্থান থেকে মাত্র দুই পয়েন্ট দূরে উঠে এসেছে, আর বায়ার্নের সামনে এখন মাঠের ছন্দ ফেরানোর পাশাপাশি ড্রেসিংরুমের আস্থা পুনরুদ্ধারের কঠিন চ্যালেঞ্জ।

সর্বশেষ সর্বাধিক পঠিত