আখাউড়ায় আমন ধান সংগ্রহ শুরু, কেজি ৩৫ টাকা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আখাউড়া খাদ্যগুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান পাটোয়ারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাসলিমা বেগম, ওসি এলএসডি মো. ইউসুব সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শানীনুর জামানসহ স্থানীয় সংবাদকর্মীরা।

উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে আখাউড়া উপজেলায় ২৩৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। কৃষকের অ্যাপের পাশাপাশি উপজেলা কৃষি অফিসের সরবরাহ করা আমন মৌসুমে ধান উৎপাদনকারী কৃষকদের তালিকা থেকেও ধান সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে ‘আগে আসলে আগে বিক্রি’ নীতি অনুসরণ করা হবে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, একজন কৃষক সর্বনিম্ন তিন বস্তায় ১২০ কেজি এবং সর্বোচ্চ ৭৫ বস্তায় তিন মেট্রিক টন ধান খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগের ফলে কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ধান সংগ্রহ ও খাদ্য মজুত কার্যক্রম আরও গতিশীল হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত