সুনামগঞ্জসহ সিলেট সীমান্তে চলতি বছরে বিজিবির বিশেষ টহল ও অভিযানে ১৮০ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
(২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়ন সর্বদা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাত্রিকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকাতেও বিভিন্ন নৌযানসহ এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানে স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছেন।
সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।