আইপিও নীতিমালায় বড় সংস্কারের উদ্যোগ বিএসইসির

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

দেশের পুঁজিবাজারে ভালো মানের ও শক্তিশালী মৌলভিত্তির কোম্পানির অংশগ্রহণ বাড়াতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত বিধিমালায় ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রস্তাবিত নতুন বিধিমালায় আইপিওর মূল্য নির্ধারণ, বুক বিল্ডিং পদ্ধতি, মিউচুয়াল ফান্ডের শেয়ার বরাদ্দ, আন্ডাররাইটিং এবং তালিকাভুক্তির প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি বড় কোম্পানির সরাসরি তালিকাভুক্তি এবং প্রয়োজনে জনস্বার্থে কোনো কোম্পানিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনা করছে কমিশন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে পুঁজিবাজার উন্নয়ন ও নীতি সংস্কারবিষয়ক এক অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা কেবল বিধিবিধান তৈরি ও তা প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। পুঁজিবাজারের বিকাশে সহায়ক পরিবেশ তৈরিতেও কমিশনকে ভূমিকা রাখতে হবে। বাজারের অংশীজনদের বাস্তব সমস্যা ও মতামত বিবেচনায় না নিয়ে কোনো বিধিমালা তৈরি করলে তার কার্যকর বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। এ কারণে নতুন বিধিমালা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হচ্ছে। খসড়া জনসাধারণের জন্য উন্মুক্ত করার পরও অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএসইসি চেয়ারম্যান জানান, মার্জিন ঋণ বিধিমালা ও ডিরেক্ট লিস্টিং বিধিমালাসহ বিভিন্ন নীতিমালা প্রণয়নের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। নতুন আইপিও বিধিমালার খসড়াও প্রায় প্রস্তুত। প্রায় ১০৮ পৃষ্ঠার এই খসড়া বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের আগে সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা করা হবে।

বেসরকারি খাতের কোম্পানিগুলোর বিভিন্ন নিয়ন্ত্রক জটিলতা নিরসনেও কমিশন কাজ করছে বলে জানান মাসুদ খান। তার ভাষ্য অনুযায়ী, বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলো করসংক্রান্ত ছাড়পত্র পেতে দীর্ঘসূত্রতার কারণে নির্ধারিত সময়ে লভ্যাংশ বিতরণ করতে সমস্যায় পড়ত। এ জটিলতা কাটাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছাড়পত্র পাওয়ার পর লভ্যাংশ বিতরণের সুযোগ তৈরি করে দিয়েছে কমিশন।

এ ছাড়া বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ক্ষেত্রেও ডিজিটাল ও হাইব্রিড পদ্ধতি ব্যবহারের নিয়ম সহজ করা হয়েছে। আগে ডিজিটাল এজিএম আয়োজনের জন্য নির্দিষ্ট সময় ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকার শর্ত ছিল। নতুন ব্যবস্থায় সেই বাধ্যবাধকতা শিথিল করে ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারী কোম্পানির জন্যও এ সুযোগ রাখা হয়েছে।

লভ্যাংশ ঘোষণার আগে শেয়ার লেনদেনের ওপর আরোপিত বিধিনিষেধ বা রেস্ট্রিকটেড পিরিয়ড কমানোর বিষয়টিও কমিশনের বিবেচনায় রয়েছে। বর্তমানে হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগে থেকে শুরু করে পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার আগ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকে।

নতুন আইপিও বিধিমালায় শেয়ারের মূল্য নির্ধারণের পদ্ধতিতেও পরিবর্তন আসছে। বিশেষ করে বুক বিল্ডিং পদ্ধতিতে মূল্য নির্ধারণের ক্ষেত্রে আগে চারটি পদ্ধতি ব্যবহারের কথা থাকলেও নতুন প্রস্তাবে ইস্যু ম্যানেজারকে যেকোনো একটি পদ্ধতি নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে। তবে কেন নির্দিষ্ট পদ্ধতিটি বেছে নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী নির্ধারিত মূল্য কতটা যৌক্তিক, তার ব্যাখ্যা ও প্রমাণ দেওয়ার দায়িত্ব থাকবে ইস্যু ম্যানেজারের। প্রয়োজনে অন্য মূল্যায়ন পদ্ধতিগুলো সহায়ক হিসেবে ব্যবহার করা যাবে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিং প্রক্রিয়াতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোনো বিনিয়োগকারী যে দামে শেয়ার কেনার প্রস্তাব দেবেন, শেষ পর্যন্ত তাকে সেই দামেই শেয়ার কিনতে হবে। কমিশনের ধারণা, এতে বিডিংয়ের ক্ষেত্রে বিনিয়োগকারীদের দায়িত্বশীলতা বাড়বে এবং বাজারভিত্তিক মূল্য নির্ধারণের সুযোগ তৈরি হবে।

আইপিওতে মিউচুয়াল ফান্ডের জন্য পৃথক শেয়ার বরাদ্দের ব্যবস্থা তুলে দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের শ্রেণিতে তাদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আইপিওর শেয়ার বণ্টনে লটারি পদ্ধতি চালুর বিষয়টিও খসড়ায় রাখা হয়েছে।

শেয়ারের প্রাইস ব্যান্ড নির্ধারণেও নতুন কাঠামো তৈরির চিন্তা করছে বিএসইসি। এর আগে কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন সীমা ছাড়াই শুধু বিডিংয়ের মাধ্যমে শেয়ারের মূল্য নির্ধারণের ধারণা বিবেচনা করা হয়েছিল। তবে দুর্বল বিডিংয়ের কারণে কোম্পানিগুলো প্রত্যাশিত মূল্য না পাওয়ার ঝুঁকি থাকায় এবার প্রাইস ব্যান্ডে ৫০ শতাংশের একটি সাধারণ সীমা রাখার প্রস্তাব করা হচ্ছে।

বড় আকারের আইপিওর ক্ষেত্রে বুক রানার পদ্ধতি চালুর পরিকল্পনাও রয়েছে কমিশনের। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, ৫০০ কোটি টাকার বেশি মূল্যের আইপিওতে এ পদ্ধতি প্রয়োগ করা হতে পারে। এতে কোম্পানি বা ইস্যু ম্যানেজার সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করে শেয়ার কেনার আগ্রহ এবং তাদের প্রস্তাবিত মূল্য সংগ্রহ করবেন। এসব তথ্য বিশ্লেষণ করে মূলধন সংগ্রহের পরিকল্পনা সাজানো হবে। কমিশনের মতে, এতে বড় আইপিওর মূল্য নির্ধারণ ও অর্থ সংগ্রহের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে।

আন্ডাররাইটিংয়ের নিয়মেও শিথিলতা আনার প্রস্তাব রয়েছে। বর্তমানে আইপিওর শতভাগ শেয়ার আন্ডাররাইট করার বাধ্যবাধকতা রয়েছে। তবে দেশের পুঁজিবাজারের বাস্তবতায় পুরো শেয়ারের দায় নেওয়া কঠিন হওয়ায় তা কমিয়ে আপাতত ৫০ শতাংশ করার চিন্তা করছে কমিশন।

সর্বশেষ সর্বাধিক পঠিত