অভাব ও অবহেলা জয়ের স্বপ্ন রিমার

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ এএম

মায়াবী চেহারা। মুখে হাসির রেখা টেনে রাখার চেষ্টা। কিন্তু কথা বলার সময় চোখ ছলছল করে ওঠে। একসময় তা জলে পরিপূর্ণ হয়ে ওঠে। দুই হাত দিয়ে চোখের জল মুছেন। কিছুক্ষণ তো কথাই বলতে পারলেন না গাজীপুরের ভারোত্তোলক রিমা আক্তার। সংসারের দুরবস্থায় দোদুল্যমান তার বড় ভারোত্তোলক হওয়ার স্বপ্ন।

সংসারে অভাব, বাবার দায়িত্বহীনতা আর মায়ের অসুস্থতা সব মিলিয়ে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে বেড়ে উঠছে ১৭ বছরের রিমা আক্তার। তবু প্রতিকূলতার কাছে হার মানতে রাজি নয় গাজীপুরের এই কিশোরী। ভারোত্তোলনকে ঘিরেই তার স্বপ্ন, নিজের সামর্থ্য দিয়ে এগিয়ে যেতে চায় বহুদূর। তবে স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট ও পর্যাপ্ত পারিবারিক সামর্থ্যরে অভাব।

রিমার ভারোত্তোলনে আসার গল্পটাও বেশ অন্যরকম। তার খালা সায়লা আক্তার বৃষ্টি খেলাধুলার সঙ্গে যুক্ত। তাকে দেখেই ভারোত্তোলনের প্রতি আগ্রহ তৈরি হয় রিমার। এরপর থেকে গত তিন বছর ধরে এই খেলায় নিজেকে তৈরি করছে সে। গাজীপুরের মুজিবুর রহমান ভারোত্তোলন ক্লাবে চলে তার অনুশীলন। জুনিয়র পর্যায়ে কয়েকবার খেলার অভিজ্ঞতা রয়েছে রিমার। সিনিয়র ক্লাব পর্যায়েও অংশ নিয়েছে একাধিকবার। গত আসরে প্রথম স্থান অর্জন করেছিল সে। ভারোত্তোলনে এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে ৯টি পদক। জাতীয় গেমসে গত দুই আসরেই তৃতীয় স্থান অর্জন করেছে এই কিশোরী।

এবার অবশ্য প্রত্যাশা মতো ফল আসেনি। সাধারণত ৪৮ কেজি ওজন শ্রেণিতে অংশ নিলেও এবার প্রথমবারের মতো ৫৩ কেজি বিভাগে খেলেছে রিমা। তার ওপর ছিল অনুশীলনের ঘাটতি। সব মিলিয়ে এবার চতুর্থ স্থান পেয়েছে সে। কিন্তু পদক জয়ের হিসাবের বাইরেও রিমার জীবনের গল্পটা অনেক বেশি কঠিন। বাবা থাকলেও পরিবারের দায়িত্ব পালনে তার ভূমিকা নেই বললেই চলে। রিমার ভাষায়, বাবা থাকলেও না থাকার মতো। মাদকাসক্ত বাবা এখন সংসারের বোঝা। অন্যদিকে মা গার্মেন্টসে চাকরি করতেন। অসুস্থতার কারণে এখন আর কাজ করতে পারছেন না। দুই মেয়েকে নিয়ে সংসার চালানোর লড়াইয়ে তাই বড় ভরসা হয়ে উঠেছেন খালামণি সায়লা আক্তার বৃষ্টি।

রিমা জানায়, তার মা অন্যের বাড়িতে কাজ করে যথাসাধ্য সহযোগিতা করেন। তবে পরিবারের অধিকাংশ দায়িত্ব এখন খালামণিই সামলাচ্ছেন। খেলাধুলায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও পরিবারের সদস্যরা তাকে সমর্থন দেন। তবে ভারোত্তোলনের মতো ব্যয়বহুল খেলায় টিকে থাকা সহজ নয়। নিয়মিত অনুশীলনের পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত পুষ্টিকর খাবার। আর সেখানেই রয়েছে সীমাবদ্ধতা। রিমার কথায়, ‘ওয়েটলিফটিং করলে প্রচুর পরিমাণে খেতে হয়। কিন্তু বাসা থেকে সেই সাপোর্টটা অতটা নেই।’ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়াও বেশ চ্যালেঞ্জিং। মজিদা সরকারি স্কুলের শিক্ষার্থী রিমা দশম শ্রেণিতে পড়েছে। সকালে অনুশীলন, এরপর পড়াশোনা ও কোচিং সবকিছু সামলে খেলায় সময় দিতে হয় তাকে। ছোট বোনও একই স্কুলে নবম শ্রেণিতে পড়ে।

ভবিষ্যৎ নিয়ে রিমার স্বপ্নের জায়গায় রয়েছে নিজের পায়ে দাঁড়ানোর আকাক্সক্ষা। একসময় আনসারে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার। তবে বয়স এখনো ১৭ না হওয়ায় সেই সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। একদিকে পরিবারের দায়িত্ব নেওয়ার চিন্তা, অন্যদিকে খেলাধুলায় এগিয়ে যাওয়ার স্বপ্ন দুইয়ের মধ্যে দাঁড়িয়ে রিমা।

আন্তর্জাতিক পর্যায়ে খেলার স্বপ্ন থাকলেও কতদূর যেতে পারবে, তা নিয়ে এখনই নিশ্চিত নয় সে। সাফ গেমসে খেলার সম্ভাবনা প্রসঙ্গে রিমার উত্তর, সবকিছু নির্ভর করছে অনুশীলনের ওপর। বয়স মাত্র ১৭। সামনে পড়ে আছে অনেকটা পথ। প্রতিভা, পরিশ্রম আর পদকের অভিজ্ঞতা সবই আছে রিমার। প্রয়োজন শুধু নিয়মিত অনুশীলনের সুযোগ, পুষ্টির নিশ্চয়তা এবং আর্থিক সহযোগিতা। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ভারোত্তোলনে নিজের পরিচয় গড়ার স্বপ্ন দেখা এই কিশোরী সরকারের সহযোগিতা চান। তার কথায়, ‘সংসারে আমিই বড়। কীভাবে নিজে পড়ব, আর ছোট বোনকে পড়াব, তা বুঝে উঠতে পারছি না। সরকার যদি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিত, তাহলে আমি নিজের স্বপ্ন পূরণ করতে পারতাম।’

সর্বশেষ সর্বাধিক পঠিত