কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত বোটটি।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত বিষয়টি জানান।
তিনি বলেন, একটি চক্র নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষকে বোটে তুলে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, ইনানী এবং বাহারছড়া আউটপোস্টের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বড়ডেইল শামুক বিচসংলগ্ন এলাকায় সেটি আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে তল্লাশি চালিয়ে ৩১৭ জনকে উদ্ধার এবং সাতজনকে হেফাজতে নেওয়া হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজার, টেকনাফসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করত। পরে তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করা হতো। কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা, জব্দ করা বোট এবং আটক সাতজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।