আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। আসন্ন ২০২৬ মৌসুমের নিলামের আগেই অবসর ঘোষণা করেছেন তিনি। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার আর কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন না। বরং ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলের সহায়ক কোচিং স্টাফে ‘পাওয়ার কোচ’ হিসেবে যুক্ত হবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় রাসেল বলেন, আইপিএলে তার সময়টা ছিল স্মরণীয়। ছক্কা মারা, ম্যাচ জেতানো, সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া- সব মিলিয়ে অসংখ্য সুন্দর মুহূর্ত রয়েছে। তিনি আরও বলেন, এখনই অবসর নেওয়াকেই নিজের জন্য সেরা সিদ্ধান্ত মনে হয়েছে। তার ভাষায়, ‘আমি চাই না ধীরে ধীরে হারিয়ে যেতে। সবাই যখন জিজ্ঞেস করবে- আরও কিছুদিন খেলতে পারতেন…ঠিক তখনই বিদায় নেওয়াই আমার কাছে সম্মানের।’
আইপিএলের ১২ মৌসুমে রাসেল খেলেছেন ১৪০টি ম্যাচ। ব্যাট হাতে করেছেন ২ হাজার ৬৫১ রান, স্ট্রাইক রেট ১৭৪ দশমিক ১৮। বল হাতে নিয়েছেন ১২৩ উইকেট, গড়ে রান দিয়েছেন ৯ দশমিক ১৫। তার সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট। ২০১২ সালে দিল্লি দলের হয়ে আইপিএলে অভিষেক হয় রাসেলের। ২০১৪ সালে নিলামে তাকে দলে নেয় কলকাতা। এরপর দীর্ঘ সময় তিনি কলকাতার বেগুনি-সোনালি জার্সিতেই খেলেছেন।
ওপার বাংলার দলটিকে দুটি শিরোপা এনে দিতে বড় ভূমিকা রাখেন এই ক্যারিবিয়ান দানব। দুই বার হয়েছেন মৌসুমের সেরা খেলোয়াড়। শেষ ওভারের ভয়ংকর মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত রাসেল আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ফিনিশার। আইপিএলে তার নামের পাশে রয়েছে ২২৩টি ছক্কা, যা তাকে সর্বকালের শীর্ষ ছক্কাবাজদের তালিকার ওপরেই রেখেছে। তবে গত আসরে ব্যাট হাতে যেমন রান পাননি, তেমনই বল হাতে ছিলেন ব্যয়বহুল।
আইপিএল পুরোপুরি ক্রিকেটকে বিদায় দিচ্ছেন না এই ক্যারিবীয় তারকা। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া কলকাতা নাইট রাইডার্সে কোচিং স্টাফের একজন হয়ে দায়িত্ব পালন করবেন। রাসেল জানান, অন্য দলের জার্সিতে নিজের ছবি সামাজিক মাধ্যমে দেখে অস্বস্তিতে ভুগতেন তিনি। বেগুনি আর সোনালি রঙ ছাড়া অন্য কোনো জার্সিতে নিজেকে কল্পনাই করতে পারতেন না।