সিটিজেন প্ল্যাটফর্মের সেমিনারে বক্তারা

ন্যূনতম আয় নিশ্চিত জরুরি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১০:৫৬ পিএম

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আধুনিক সমাজ গড়বেন, আর নাগরিকদের জন্য নিম্নতম মজুরির ব্যবস্থা থাকবে না এটা কোনো সময় মধ্য আয়ের শোভন দেশে হতে পারে না। ন্যূনতম শোভন আয় প্রতিটি নাগরিকের জন্য অধিকারের অংশ। মধ্য আয়ের দেশে যেতে হলে শোভন কর্মসংস্থানের পাশাপাশি শোভন মজুরি অত্যন্ত জরুরি।

গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত নাগরিক প্ল্যাটফর্ম ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার লক্ষে নাগরিক এজেন্ডা : কৃষি, কর্মসংস্থান, অপরিকল্পিত নগরায়ন ও সরকারি পরিষেবা এবং পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি’ শীর্ষক মিডিয়িা ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কৃষি, শিল্প, অপ্রাতিষ্ঠানিক খাতে এবং কর্মসংস্থানে একেক ধরনের প্রবণতা দেখছি। এই চার ধরনের প্রবণতাকে বাংলাদেশের উৎপাদনশীল যে কাঠামোগত পরিবর্তন অর্থনীতিতে ঘটছে, এটাকে মোকাবিলা করা বড় বিষয়। কারণ বাংলাদেশে সেই বিচারে মানবসম্পদ সবচেয়ে বড় বিষয়। সেই মানবসম্পদকে আগামী নতুন প্রজম্মের কাছে নতুনভাবে শোভন কর্মসংস্থান, শোভন মজুরি এবং তার বেঁচে থাকার মতো ন্যূনতম মজুরির নিশ্চয়তার বিষয়টি জরুরি।

সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, দেশের অবহেলিত জনগোষ্ঠীকে বাদ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। আমাদের নীতি নির্ধারকদেরও বোঝার বিষয় আছে। এ উন্নয়ন প্রক্রিয়ায় যদি পেছনে কেউ পড়ে যান, তারা সামনের উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন।

জ্বালানি নিরাপত্তা কমেছে উল্লেখ করে এ অর্থনীতিবিদ বলেন, বাপেক্সকে কীভাবে দুর্বল করা হয়েছে আমরা দেখেছি। এখন আমরা এলএনজি ও কুইকরেন্টাল নির্ভরতার দিকে গেলাম, বিএআরসিকেও দুর্বল করলাম। যার ফলে একটা পর্যায়ে এসেছি সেটি উৎপাদনের খরচ বাড়াবে কি না, কী খরচে পাব, প্রতিযোগিতা সক্ষমতায় এ জ্বালানি নীতি অবদান রাখতে পারবে কি না সে প্রশ্ন চলে এসেছে।

নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য এবং নিউ এজ গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সভাপতিত্ব করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত