কাজী নজরুলকে নিয়ে তিন শিল্পী

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১০:০৩ পিএম

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস। এই দিনে নজরুল সংগীতশিল্পীদের ব্যস্ততা থাকে চোখে পড়ার মতো। নজরুলের প্রয়াণ দিবসে দেশের বিখ্যাত তিন নজরুল সংগীতশিল্পীর আয়োজন নিয়ে লিখেছেন মাসিদ রণ

তরুণদের নজরুলপ্রেম মুগ্ধ করে

ফেরদৌস আরা

নিজের ক্যারিয়ারের পাশাপাশি দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের গান ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। আমার স্কুল সুরসপ্তক থেকে অনেক প্রতিভাবান শিল্পী বের হচ্ছে। এই করোনাকালেও তরুণদের মধ্যে নজরুলসংগীতের প্রতি প্রেম দেখে মুগ্ধ হয়েছি। তারা ঘরে বসেই গান শিখেছে। আমি করোনাকালের অনেকটা সময় বিদেশে ছিলাম। কিন্তু অনলাইনের কল্যাণে সেখানে থেকেও গান শেখানোর চর্চার মধ্যে ছিলাম। এখন করোনা পরিস্থিতি তুলনামূলক ভালো। তাই নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে আজ থেকে আমার স্কুলের ছেলেমেয়েদের নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান করছি চ্যানেল আইয়ে। সকালে চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে এক দিন আমার একক কণ্ঠে ৯টি গান থাকছে। অন্য দুদিনের এক দিন সুরসপ্তকের শিক্ষার্থীরা আমার সঙ্গে কোরাস গাইবে, অন্যদিন যারা খুব ভালো গায় তাদের একক কণ্ঠে গান থাকছে। এ ছাড়া আজ রাত সাড়ে ৮টায় একক অনুষ্ঠান রয়েছে। এতে ৫টি গানের মিউজিক ভিডিও দেখানো হবে। সবগুলো গান বিভিন্ন দেশে চিত্রায়িত হয়েছে। উপস্থাপনাও করেছি আমি।

দেশ-বিদেশে চর্চা হচ্ছে

খায়রুল আনাম শাকিল

নজরুলের গানের শুদ্ধ কথা ও সুর সারা দেশে ছড়িয়ে দিতে আমরা অনেক দিন ধরেই কাজ করছি। এ জন্য গানের স্বরলিপি তৈরি থেকে শুরু করে নতুন নতুন গান রেকর্ডিংসহ নানা ধরনের কাজ করেছি। করোনাকালে কাজগুলো অনেকটাই থেমে যায়। কিন্তু প্রযুক্তির কল্যাণে আমাদের কাজ একেবারে বন্ধ হয়নি। সবকিছুর মতো অনলাইননির্ভর হয়ে পড়েছে নজরুলসংগীত চর্চা। আমি দেশ-বিদেশের শিক্ষার্থীদের অনলাইনে গান শিখিয়েছি। শুধু তা-ই নয়, ছায়ানট অনলাইনে নানা অনুষ্ঠান করেছে। আমি এককভাবে অনলাইনে বিশে^র বিভিন্ন দেশের আয়োজনে গান গেয়েছি, কথা বলেছি। নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষেও বিদেশের দুটি অনলাইন আয়োজনে অংশ নেব। আগামীকাল থাকছে নিউইয়র্ক থেকে একটি আয়োজন। সঞ্চালনা করবেন প্রখ্যাত নৃত্যশিল্পী লায়লা হাসান। আমার সঙ্গে থাকবেন কবির নাতনি কাজী অনিন্দিতা। দুদিনব্যাপী আয়োজনে পরের দিন থাকবেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। ২৯ আগস্ট অংশ নেব টাইমস অব ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে। এ ছাড়া আজ বিটিভিতে সকাল ৮টা ১৫ মিনিটে সুপ্রভাত বাংলাদেশ অনুষ্ঠানে গাইব। এরপর বেলা সাড়ে ১১টায় চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অনেক শিল্পীর সঙ্গে আমি আর আমার স্ত্রী কল্পনা আনাম একটি করে গান গাইব।

চ্যানেলগুলোতে নজরুলসংগীতের আয়োজন সেভাবে দেখছি না

ইয়াসমিন মুশতারী

স্বাভাবিক পরিস্থিতিতে টিভি চ্যানেলগুলো অল্পবিস্তর অনুষ্ঠান করত নজরুলসংগীত ঘিরে। কিন্তু করোনাকালে তা-ও নেই। এবার নজরুলের জন্মবার্ষিকী কিংবা প্রয়াণ দিবস কোনোটিতেই সেভাবে কোনো অনুষ্ঠানে ডাক পাইনি। আজ শুধু এসএ টিভির জন্য একটি মধ্যরাতের লাইভ অনুষ্ঠানে গাওয়ার আমন্ত্রণ পেয়েছি। যদিও সেখানে অনেক শিল্পী থাকবেন। কিন্তু এই পরিণত ক্যারিয়ারে একক অনুষ্ঠানই তো করার কথা। সবার মুখে শুধু আমার গায়কীর প্রশংসাই শুনি। কিন্তু সুযোগ দিতে চায় না কেউ। এ জন্য মনে হয়, ভালো গাইলেই সুযোগ পাওয়া যাচ্ছে না। অনেক কিছু মেনটেইন করতে হয়, যা আমি পারি না। তবে সাদিয়া আফরিন মল্লিকের নেতৃত্বে জেমস অব নজরুল ও ফেরদৌসী রহমানের নেতৃত্বে নজরুলসংগীত শিল্পী পরিষদ আমাদের অনেক শিল্পীকে নিয়ে নানা ধরনের অনলাইন আয়োজন করছেন। তাদের দুজনের প্রতি আমি কৃতজ্ঞ। যারা প্রকৃত অর্থে ভালো শিল্পী তাদেরই সুযোগ দিচ্ছেন বলে। জেমস অব নজরুল থেকে প্রতিবার আমরা একটি গানের ভিডিওসহ করি। সেটি প্রয়াণ দিবসের শুরুতেই ১২টা ১ মিনিটে প্রচার হয় বিটিভি ও চ্যানেল আইয়ে। এবারও হবে। এ ছাড়া সংগঠনটি দুদিনব্যাপী অনলাইন আয়োজন করেছে। আর ৩০ আগস্ট পরিষদের আয়োজন রয়েছে অনলাইনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত